যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাতারের সংকট সমাধানে চারদিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। তবে মধ্যপ্রাচ্য ত্যাগ করার আগে সংকট সমাধানের অগ্রগতি নিয়ে কোনও কথা বলেননি। শুক্রবার কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস খবরটি শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।
দোহা ছাড়ার আগে সাংবাদিকরা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান টিলারসন। দোহা বিমানবন্দরে টিলারসনকে বিদায় দিতে আসা কাতারি আমিরের ভাই শেখ মোহাম্মদ বিন হামাদ আল-থানি টিলারসনকে বলেছেন, 'আশা করছি আরও ভালো পরিস্থিতিতে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে।'
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেদ্দাহতে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরা ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। জেদ্দাহ আসার আগে টিলারসন কাতার ছিলেন। এর আগে তিনি কুয়েতের আমিরের সঙ্গে কুয়েত সিটিতে সাক্ষাৎ করেন। সৌদি আরব থেকে পুনরায় তিনি কাতার ফিরে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার দোহা ছাড়েন।
বৃহস্পতিবার সংকট সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কাতার, যুক্তরাষ্ট্র ও কুয়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিলারসনের এই সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সন্ত্রাসবাদে অর্থায়নরোধে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
৫ জুন জঙ্গিবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেঁধে দিয়েছিলো সৌদি জোট। কিন্তু কাতার শর্তগুলো না মানায় নিষেধাজ্ঞা বহাল রেখেছে তারা। সংকট সমাধানে মধ্যস্ততা করছে কুয়েত এবং সহযোগিতা করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সূত্র: আরব টাইমস।
/এএ/