পাকিস্তানের সুপ্রিমকোর্টে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে দেওয়া রায়কে অসম্মানের উল্লেখ করে নওয়াজ শরিফ বলেছেন, এমন ‘মানহানিকর আচরণ’ তিনি প্রত্যাশা করেননি। সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, জনগণকে তিনি যে সেবা দিয়েছেন অন্তত তার স্বীকৃতি হলেও পেতে পারতেন।
শনিবার (২৯ জুলাই) পাঞ্জাব হাউসে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এর নেতা পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর রবিবার (৩০ জুলাই) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
নওয়াজ বলেন, ‘আমি যে দায়িত্ব পালন করেছি তার জন্য পুরস্কার কিংবা সম্মান পাইনি। কিন্তু আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা আমাদের প্রাপ্তি ছিল না। আমরা এমন অসম্মানজনক আচরণ আশা করিনি। দেশের ২০ কোটি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এমন আচরণ প্রত্যাশিত ছিল না।’
নিজের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় নিয়েও কথা বলেন নওয়াজ শরিফ। তিনি বলেন, ‘আমি এখনও পর্যন্ত আমাকে অযোগ্য ঘোষণার কারণ বুঝতে পারছি না। তবে শুধু কথিত দুর্নীতির অভিযোগে আমাকে অযোগ্য ঘোষণা করা হয়নি।’
/এফইউ/