৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নেপাল সরকার। নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী এই প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তারা। বুধবার (৩ জানুয়ারি) এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।
নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার প্রেস কো-অর্ডিনেটর গোবিন্দ পারিয়ার বলেন, ‘খুব সম্ভবত সরকার নির্বাচন কমিশনের সুপারিশ মোতাবেক জাতীয় পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সুপারিশকৃত সেই তারিখটি হলো ৮ ফেব্রুয়ারি।’ জাতীয় পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
নেপালি কংগ্রেসের নেতা এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ফারমুল্লাহ মানসুরের বরাত দিয়ে হিমালয়ান টাইমস জানায়, জাতীয় পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ, প্রাদেশিক প্রধানদের নিয়োগ, প্রাদেশিক মন্ত্রিপরিষদে সদস্য নির্ধারণ এবং প্রদেশগুলোর জন্য অস্থায়ী সদর দফতর তৈরির জন্য সরকার কাজ করছে।
শের বাহাদুর দেউবার প্রেস কো-অর্ডিনেটর গোবিন্দ পারিয়ার জানান, প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ের দলগুলোসহ একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে প্রাদেশিক প্রধানদের নিয়োগ এবং অস্থায়ী প্রাদেশিক সদর দফতরগুলো ঘোষণা করবেন। মঙ্গলবার সন্ধ্যায় সিপিএন-এমসি চেয়ারম্যান পুষ্প কমল দাহালের সঙ্গে বৈঠকের পর দেউবা ওই সর্বদলীয় বৈঠক ডেকেছেন বলেও জানান পারিয়ার।