দ্য স্টার

টানা বৃষ্টির কারণে উদ্বেগে মালয়েশিয়ার কৃষকরা

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ঠাণ্ডা, টানা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশটির সবজি উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ক্যামেরন হাইল্যান্ডস এলাকার কৃষকরা সবচেয়ে উদ্বেগে আছেন। তাদের আশঙ্কা টানা বৃষ্টির কারণে এবং সূর্যের আলোর অভাবে তাদের সবজি উৎপাদন ১০ থেকে ১৫ শতাংশ কমে যেতে পারে। সোমবার (১৫ জানুয়ারি) এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার।

দ্য স্টারের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরে ক্যামেরন হাইল্যান্ডসে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এই ঠাণ্ডা আবহাওয়ার পাশাপাশি কৃষকদের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে বৃষ্টি। সূর্যের আলো কম থাকায় সবজি উৎপাদনে প্রভাব পড়ছে।   

ক্যামেরন হাইল্যান্ডস এলাকাটিতে ২০০০টি খামার রয়েছে। এই এলাকাকে মালয়েশিয়ার সবচেয়ে বড় সবজি উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এখানকার খামারদের আশঙ্কা, ঠাণ্ডা আর মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে তাদের সবজি উৎপাদনের পরিমাণ ১০-১৫ শতাংশ কমে যাবে। ক্যামেরন হাইল্যান্ডস ভেজিটেবলস গ্রোয়ার’ন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি চায় এ মং বলেন, ঠাণ্ডা আবহাওয়ার কারণে সবজি ও ফুলের বৃদ্ধিকে কমিয়ে দিতে পারে, কিন্তু তাদের বড় উদ্বেগ হলো টানা বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আবহাওয়া নিয়ে। এর কারণে উৎপাদনের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।