নেপালের নির্বাচনি এলাকার অবকাঠামোগত কর্মসূচি এবং উন্নয়ন কর্মসূচি বাবদ ১০০০ কোটি রুপি ব্যয়ে সরকারি সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নবনির্বাচিত এক পার্লামেন্ট সদস্যের করা পিটিশনের প্রেক্ষিতে রবিবার এই আদেশ দেওয়া হয়। সোমবার (১৫ জানুয়ারি) এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিশনটি দায়ের করেছিলেন কাইলালির ২ নম্বর নির্বাচনি আসনে সদ্য নির্বাচিত সিপিএন-ইউএমএল এমপি ঝাপাত বাহাদুর রাওয়াল। তার দাবি, জনগণ তাদের নতুন প্রতিনিধি নির্বাচিত করেছে, নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মসূচিতে ব্যয়ের অধিকার তাদেরই আছে। সরকার যদি এই কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় তবে নবনির্বাচিত প্রতিনিধিরা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ থেকে বঞ্চিত হবেন। রাওয়ালের আইনজীবী টিকারাম ভট্টারাই জানান, রবিবার সরকারের ওই দুটি কর্মসূচি স্থগিত করার আদেশ দিয়েছে নেপালের সুপ্রিমকোর্ট।
এর আগে এই দুটি কর্মসূচি অব্যাহত রাখলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হবে উল্লেখ করে ২৯ ডিসেম্বর এই কর্মসূচিগুলোর বাস্তবায়ন বন্ধ করেছিল নেপালের নির্বাচন কমিশন।