তুরস্ক সিরিয়ায় সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সোমবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনও মুহূর্তে কুর্দিদের দখলে থাকা সিরিয়ার আফরিন ও মানবিজ এলাকায় অভিযান পরিচালনা করা হবে। সেখানে তুর্কি সামরিক বাহিনী যত দ্রুত সম্ভব সমাধানে পৌঁছাবে। আমাদের প্রস্তুতি চূড়ান্ত। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার শিরোনাম করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।
সিরিয়ার মার্কিনপন্থী বিদ্রোহীদের জোট এই এসডিএফ। এ জোটের প্রধান শক্তি সশস্ত্র পিকেকে যোদ্ধারা।
এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র তুরস্কের সীমান্তে সন্ত্রাসী বাহিনী গঠনের কথা স্বীকার করেছে। ওই বাহিনী গঠনের আগেই তাদের হত্যা করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কুর্দি সীমান্তরক্ষী বাহিনী গঠনের সত্যতা নিশ্চিত করেছেন এসডিএফের জনসংযোগ কর্মকর্তা মুস্তাফা বালি। তিনি বলেন, ইতোমধ্যে প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। আমরা সহযোগিতার নতুন ধাপে প্রবেশ করছি।
তুরস্ক সীমান্তে সিরিয়ার আফরিন জেলায় ইতোমধ্যে তুর্কি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে ২০১৭ সালে সিরিয়ায় প্রায় সাত মাস অভিযান চালিয়েছে তুরস্ক।
তুরস্কের দাবি, কুর্দি বাহিনীর হামলায় গত ৩০ বছরে তাদের নিরাপত্তা বাহিনীর প্রায় প্রায় ৪০ হাজার সদস্য নিহত হয়েছে। ২০১৫ সালের জুলাই থেকে এ গোষ্ঠীর হামলায় সহস্রাধিক তুর্কি নাগরিক নিহত হয়েছে।