সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাতারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক ফোনালাপে সন্ত্রাসের বিরুদ্ধে ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় কাতারি আমির তামিম বিন হামাদ আল থানি’কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প সন্ত্রাসী হামলার হুমকি মোকাবিলায় আঞ্চলিক ঐক্য দেখতে চান।
এদিকে তুরস্ক সফরকালে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাত করেছেন কাতারি নেতা। ট্রাম্প ও এরদোয়ানের সঙ্গে কাতারের আমিরের এই আলোচনা মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
২০১৭ সালের ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাতার।
সর্বশেষ সোমবার সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করে,কাতারের যুদ্ধ বিমান তাদের বেসামরিক বিমান চলাচলে বাধা দিয়েছে। বিনা অনুমতিতে আমিরাতের সামরিক বিমান কাতারের আকাশসীমায় প্রবেশের অভিযোগ উঠার পর পাল্টা এ অভিযোগ আনায় উপসাগরীয় দেশগুলোর মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মাঝেই ট্রাম্পের সঙ্গে কথা হলো কাতারি আমিরের।
হোয়াইট হাউসে বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কাতারের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে এবং ইরানের প্রভাব কমিয়ে সন্ত্রাস দমন করতে কিভাবে তারা পরস্পরকে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা।