জাতীয় পরিষদ নির্বাচনের জন্য জোরেসোরে প্রার্থী বাছাইয়ের কাজ চালাচ্ছে নেপালের শীর্ষ তিন দল সিপিএন-ইউএমএল, নেপালি কংগ্রেস ও সিপিএন-এমসি। মঙ্গলবারের মধ্যে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সোমবার ইউএমএল এর সাত ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে ৫,৬ ও ৭ নম্বর প্রদেশের প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। ইউএমএল এর সেক্রেটারি যোগেশ ভাট্টারি জানিয়েছেন, তার দল মঙ্গলবার ১,২,৩ ও ৪ নম্বর প্রদেশের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে।
সোমবার নেপালি কংগ্রেস জানিয়েছে, এদিন তার দল ৭ নম্বর প্রদেশের মাত্র চারজন প্রার্থী বাছাই করেছে। মঙ্গলবারফেডারের সোশ্যালিস্ট ফোরাম নেপাল ও রাষ্ট্রীয় জনতা পার্টি নেপালের সঙ্গে বৈঠকের পর অন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। এছাড়া সোমবার ১৪ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে সিপিএন-এমসি।
২৪ জানুয়ারি প্রধান রিটার্নিং কর্মকর্তা কিংবা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীদেরকে মনোনয়নপত্র দাখিল করতে হবে। একইদিন প্রার্থীদের নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন। ২৫ জানুয়ারি প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ পাবে জনগণ। জানুয়ারির ২৭ তারিখ অভিযোগগুলো তদন্ত করা হবে। আর ২৮ জানুয়ারি হালনাগাদকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।