আনাদোলু পোস্ট

‘সীমান্তের সুরক্ষায়’ তুরস্কের অলিভ ব্রাঞ্চ অপারেশন

সীমান্তের সুরক্ষা নিশ্চিতে এবং সন্ত্রাসী অঞ্চল গড়ে ওঠা ঠেকাতে অপারেশন অলিভ ব্রাঞ্চ নামের অভিযান শুরু করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা ব্রিটিশ সংবাদমাধ্যম চ্যানেল ফোরকে দেওয়া সাক্ষাৎকারে সোমবার এ কথা জানান। বুধবার (২৪ জানুয়ারি) খবরটিকে প্রধান শিরোনাম করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

আনাদোলু পোস্টের প্রথম পাতা
চ্যানেল ফোরকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা গুলনুর আয়বেত এ অভিযানের কারণ সম্পর্কে তুরস্ক বিশ্বকে ব্যাখ্যা দিয়েছে বলে দাবি করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা কেন এমনটা করছি তা পুরো বিশ্বকে ব্যাখ্যা দিয়েছি। আপনারা জানেন, পিওয়াইডি এবং পিওয়াইডি-এর সশস্ত্র শাখা ওয়াইপিজি হলো পিকেকে-এর মতোই সন্ত্রাসী সংগঠন। এ পিকেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ঘোষিত সন্ত্রাসী সংগঠন।’

পিকেকে সম্পর্কে গুলনুর আয়বেত আরও বলেন, ‘তারা সিরীয় কুর্দিদের প্রতিনিধিত্ব করে না, তাদেরকে সিরীয় কুর্দিদের প্রতিনিধি বলাটা ভুল। পিকেকে তুর্কি কুর্দিদেরও প্রতিনিধি নয়।’

পিওয়াইডিকে ইঙ্গিত করে আয়বেত বলেন, ‘তারা তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে হামলা চালাচ্ছে। সেকারণে আমরা আমাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে এবং সীমান্তের পাশে সন্ত্রাসী অঞ্চল গড়ে তোলা ঠেকাতে এ অভিযান শুরু করেছি।’