দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিশ্বকে ভারতে বিনিয়োগের আমন্ত্রণ মোদির

বিশ্বে সংরক্ষণবাদ নীতির ক্রমবর্ধমান হুমকি নিয়ে সতর্ক করে বিশ্বায়নের প্রতি জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দূরত্ব ও ব্যবধান ঘোচাতে বিশ্বকে তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দাভোসে ওয়াল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে বিশ্বকে ভারতে বিনিয়োগেরও আমন্ত্রণ জানান মোদি। বুধবার (২৪ জানুয়ারি) খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রথম পাতা
২০ বছরের মধ্যে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দাভোসে গেছেন মোদি। মঙ্গলবার ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্যে বার বারই বিশ্বায়ন হুমকির মুখে রয়েছে সতর্ক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। মোদির দাবি, যেভাবে সংরক্ষণবাদ নীতির উত্থান ঘটছে এবং মুক্ত বাণিজ্যের পথে বিভিন্ন বাধা তৈরি করা হচ্ছে তাতে মহিমা হারাচ্ছে বিশ্বায়ন।

বিনিয়োগ ও ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা শিথিলের উপর গুরুত্ব আরোপ করে মোদি বলেন, ‘আমরা ভারতে বিনিয়োগ, উৎপাদন ও কাজ করার প্রক্রিয়া অনেক সহজ করেছি। আমরা লাইসেন্স ও পারমিট রাজ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা লাল ফিতার বাধা সরিয়ে লাল কার্পেট বিছিয়ে দিচ্ছি আমরা।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যেভাবে আমেরিকা ফার্স্ট নীতির মতো নানা পদক্ষেপ নিয়ে যাচ্ছেন তখনই এমন মন্তব্য করেছেন মোদি।