দ্য হিমালয়ান টাইমস

নেপালের জাতীয় পরিষদ নির্বাচনে প্রার্থিতার জন্য ৮৩টি মনোনয়নপত্র দাখিল

নেপালে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় পরিষদ নির্বাচনে ৫৬ আসনের বিপরীতে ৯টি দলের ৮৩ জন প্রার্থী বুধবার (২৪ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দিয়েছেন। নেপালের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন তারা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

দ্য হিমালয়ান টাইমসের প্রথম পাতা
নেপালের নির্বাচন কমিশন জানিয়েছে, সবগুলো জাতীয় দল অর্থাৎ নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, সিপিএন মাওয়িস্ট সেন্টার, রাষ্ট্রীয় জনতা পাটি-নেপাল এব ফেডারেল সোশ্যালিস্ট ফোরাম-নেপাল জাতীয় পরিষদ নির্বাচনে তাদের প্রার্থী দিয়েছে। এছাড়া অন্য দলগুলোর মধ্যে আছে: নেপাল ওয়ার্কার্স এন্ড পিজেন্টস পার্টি, রাষ্ট্রীয় জনমোর্চা, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি এবং নেপাল সংঘীয় সমাজবাদী পার্টি।

প্রার্থীদের মধ্যে ২৬ জন নারীও রয়েছেন। তারা ২১টি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন চেয়েছেন। নির্বাচন কমিশন জানায়, ১,২,৫ ও ৭ নম্বর প্রদেশে প্রার্থিতা চাওয়া ১২ নারীকেই কোনও বিরোধিতা ছাড়া ২৯ জানুয়ারি নির্বাচিত ঘোষণা করা হবে। কারণ এ প্রদেশগুলোর প্রত্যেকটিতে তিনজন করে নারী নির্বাচিত হবেন। ৭ নম্বর প্রদেশে যেসব প্রার্থী ওপেন ক্যাটাগরির আওতায় মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাও বিরোধিতা ছাড়াই নির্বাচিত হবেন। কারণ সিপিএন-ইউএমএল, সিপিএন-এমসি এবং এনসি দলের হয়ে মাত্র তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২ নম্বর প্রদেশ থেকে এফএসএফ-এন এর হয়ে মনোনয়ন দাখিল করা একমাত্র দলিতও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

১৭ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে বাকি ৩৯টি আসনে কেবল নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৮ জানুয়ারি হালনাগাদকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।