দ্য এক্সপ্রেস ট্রিবিউন

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর সবার জন্য উন্মুক্ত থাকবে: আব্বাসি

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প আর্থিক ও পরিবেশগতভাবে টেকসই হবে বলে বিশ্ব সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। সবার বিনিয়োগের জন্য এ করিডোর উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি। বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন আব্বাসি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, বুধবার দাভোস সম্মেলনের দ্বিতীয় দিনে ‘বেল্ট এন্ড রোড ইমপ্যাক্ট’ শিরোনামে একটি প্যানেল আলোচনা হয়েছে। সেসময় আব্বাসি বলেন, ‘আমরা নিশ্চিত করছি, এ প্রকল্পগুলো কোনও ব্যাঘাত ঘটাবে না এবং তা সবার জন্য উন্মুক্ত থাকবে।’

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, চীনের কৌশলগত উদ্যোগের একটি অবিভাজ্য অংশ হলো চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর। এ প্রকল্পে অংশগ্রহণকারী সব দেশের সঙ্গে এর সাফল্য ভাগাভাগি করে নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। প্যানেল আলোচনায় পাকিস্তানি প্রধানমন্ত্রী এ প্রকল্পের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানি ঠিকাদারদেরকে বড় বড় সড়ক নির্মাণ প্রকল্প গ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছে, যা পাঁচ বছর আগেও সম্ভব ছিল না।

এশিয়ান ইনফ্রাসট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর প্রেসিডেন্ট জিন লিকুন, কাইক্সিন গ্লোবাল এর ব্যবস্থাপনা পরিচালক লি জিন, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফাণ্ডের সিইও কিরিল দিমিত্রিয়েভ, এইসিওএম এর সিইও ও চেয়ারম্যান মাইকেল বুরকে, সিঙ্গাপুরের মন্ত্রী চান চুন সিং এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইন্ডাস্ট্রি কর্পোরেশনের চেয়ারম্যান রেন হংবিন ওই প্যানেল আলোচনায় অংশ নিয়েছিলেন।