দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

রাষ্ট্রপতি বললেন, উপহাস ছাড়াই অন্যের মতামতে দ্বিমত করুন

পরিচালক সঞ্জয়লীলা বানসালির নতুন ছবি পদ্মাবত নিয়ে ভারতে বিতর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। করনি সেনাদের আপত্তির মুখে আদালতের নির্দেশে ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। আর এ নিয়ে প্রজাতন্ত্র দিবসের আগের দিনে সন্ধ্যায় নিজের ভাষণে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ নাগরিক মননের ডাক দিয়েছেন। আর এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে দেশটির অন্যতম সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ইন্ডিয়ান এক্সপ্রেস

 

ওই খবরে বলা হয়েছে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বলেছেন, নাগরিক মননের অধিকারী সমাজে যে কেউ অন্যের মতের সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারে যদি তা ঐতিহাসিক প্রেক্ষাপটেও হয়। তবে সেই দ্বিমত প্রকাশ করতে গিয়ে কেউ যেন অন্যের সম্মানহানি না ঘটায়।

ভারতের রাষ্ট্রপতি বলেন,শহর আর গ্রামের নাগরিক মননের প্রতিবেশীদের নিয়েই একটি নাগরিক মননের জাতি গড়ে ওঠে। প্রতিবেশীর সীমানা, ব্যক্তিগত গোপনীয়তা আর অধিকারের প্রতি সম্মান দেখানোর মধ্য দিয়ে তা শুরু হয়। কোনও উৎসব, প্রতিবাদ অথবা অন্য কোনও অনুষ্ঠানেও আমরা প্রতিবেশীদের অবজ্ঞা করতে পারি না।’

ভারতের রাষ্ট্রপতি বলেন, নৈতিকভাবে একটি উন্নত জাতি তখনই গড়ে ওঠে যখন একটি সুশৃঙ্খল ও নৈতিকভাবে দৃঢ় প্রতিষ্ঠান গড়ে ওঠে। যেসব প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভ্রাতৃসম সম্পর্ক রাখে তারাই জাতিকে নতুন দিশা দিতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে ভারতের রাষ্ট্রপতি অহিংসার মাধ্যমে নিজের অধিকার আদায়ের প্রতি জোর দেওয়ার আহ্বান জানান।