নেপাল সফরে থাকা পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ক এর ১৯ তম শীর্ষ সম্মেলন আয়োজনে তার দেশ বদ্ধপরিকর। সোমবার (৫ মার্চ) নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। মঙ্গলবার (৬ মার্চ) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।
২০১৪ সালে নেপালের কাঠমুন্ডুতে ১৮ তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৬ সালে পাকিস্তানে ১৯ তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারত, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি প্রকাশ করার পর তা স্থগিত করা হয়। সার্কের চার্টার অনুযায়ী, সার্কভুক্ত দেশের কোনও একটি দেশ এই শীর্ষ সম্মেলনে উপস্থিত হতে অস্বীকৃতি প্রকাশ করলে, তা এমনিতেই স্থগিত হয়ে যায়।
সোমবার নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। পরে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন অলির প্রধান উপদেষ্টা বিষ্ণু রিমাল। তিনি জানান, এখনও সার্ক সম্মেলন আয়োজনের আশা করে যাচ্ছে পাকিস্তান। আব্বাসি বলেছেন, ‘সার্ক আমাদের প্রয়োজন। সার্কের গুরুত্ব শেষ হয়ে যায়নি। সার্কের প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমরা বদ্ধপরিকর।’
রিমাল জানান, বৈঠকে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও কথা বলেছেন অলি ও আব্বাসি।