প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন কয়েকটি দেশ সিরিয়ায় অস্ত্রের লড়াইয়ে নামায় খুব অস্বস্তিতে পড়েছে তুরস্ক। বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় ৩৬ কিলোমিটার দীর্ঘ একটি রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আর এই খবরটিকেই প্রধান শিরোনাম করেছে সেদেশের সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট। দ্বিতীয় প্রধান শিরোনাম হিসেবে আধুনিকায়িত ওই রেলপথের খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
পুনসংস্কার করে উদ্বোধন করা ওই রেলপথে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত যাত্রীরা বিনামূল্যে ভ্রমনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে এরদোয়ান বলেন, গত ১৫ বছরে শহর আধুনিকায়নে অসাধারণ পদক্ষেপ নিয়েছে আঙ্কারা।রেলপথ উদ্বোধনী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, সামরিক ক্ষমতার ওপর নির্ভরশীল কয়েকটি দেশ সিরিয়াকে অস্ত্রের লড়াইয়ের ময়দান বানানোয় আমরা খুবই অস্বস্তিতে পড়েছি।
সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে দৌমা শহরে রাসায়নিক হামলা চালানোর অভিযোগ তুলে সেখানে হামলা চালানোর হুমকি জোরালো করেছে পশ্চিমা দেশগুলো। পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিরিয়া ও তাদের মিত্র রাশিয়া।
বুধবার তিনি সিরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন জানিয়ে ওই অনুষ্ঠানে তিনি বলেন, আজ আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলাপ করবো। সিরিয়ায় কিভাবে রাসায়নিক হত্যাকাণ্ড বন্ধ করা যায় তা নিয়ে আবারও তার সঙ্গে আলোচনা করবো।
ওই অনুষ্ঠানে গত জানুয়ারিতে সিরিয়ার আফরিনে তুরস্কের চালানো অপারেশন অলিভ ব্রাঞ্চ নিয়েও কথা বলেন তিনি। তিনি জানান, ওই অভিযানে অন্তত ৪ হাজার ১২৩ সন্ত্রাসীকে নিরস্ত্র করা হয়েছে। তুরস্কের কর্তৃপক্ষ নিরস্ত্র বলতে তাদের বিবৃতি গুলোতে প্রায়শই নিহত, আটক বা আত্মসমর্পণকারী সন্ত্রাসীদের বুঝিয়ে থাকে।
গত ২০ জানুয়ারিতে ওই অভিযান শুরু করে ১৮ মার্চ আফরিনের কেন্দ্রস্থল দখলের ঘোষণা দেয় তুরস্ক। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি/পিকেকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করে থাকে তুরস্ক।
আফরিনে নিজেদের উপস্থিতি ও কর্মকাণ্ড চালু থাকবে জানিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসীদের এক এক করে নিশ্চিহ্ন করা হবে।