দ্য হিন্দু

কাঠুয়ার ঘটনা বর্বরোচিত: রামনাথ কোবিন্দ

জম্মু-কাশ্মিরের কাঠুয়ায় ৮ বছর বয়সী শিমু আসিফা বানুকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে তুমুল ক্ষোভ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার (১৮ এপ্রিল) তিনি বলেন,  ‘স্বাধীনতার সত্তর বছর পরেও দেশের যে কোনও প্রান্তে এই ধরনের ঘটনা ঘটা লজ্জাজনক।’ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

দ্য হিন্দুর প্রথম পাতা
বুধবার দুইদিনের সফরে জম্মু পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন কাটরার বৈষ্ণ দেবী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সেখানে তিনি বলেন, ‘কাঠুয়ার মতো ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, যাতে আর কোনও নারীকে  এভাবে নিপীড়নের শিকার না হতে হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কী ধরনের সমাজে আমরা বাস করছি তা একবার ভাবার প্রয়োজন আছে।’ কাঠুয়ার ঘটনাকে ‘বর্বরোচিত’ বলেও আখ্যা দেন তিনি।

এ বছরের জানুয়ারিতে কাঠুয়ার উপত্যকায় ঘোড়া চড়ানোর সময় অপহরণ করা হয় আসিফাকে। আদালতে দায়ের করা মামলার বিবরণ অনুযায়ী, আসিফা নামের ওই শিশুকে অপহরণের জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও দেবীস্থান মন্দিদের হেফাজতকারী সানজি রামই তার ভাগ্নে ও একজন পুলিশ সদস্যকে নির্দেশ দেয়। নির্দেশ বাস্তবায়নের পর সাত দিন ধরে মন্দিরে আটকে রেখে একদল হিন্দু পুরুষ ধর্ষণ করে আসিফাকে। পরে মাথায় পাথর মেরে ও গলা টিপে হত্যা করা হয় তাকে। আসিফাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আটজনকে অভিযুক্ত করেছে ভারতের আদালত। মধ্য জানুয়ারির ওই ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার (১০ এপ্রিল) দিন অভিযোগপত্র জনসম্মুখে আনা হয়। জানুয়ারিতে এ নিয়ে তেমন উত্তেজনা না হলেও এ ঘটনায় অভিযোগপত্র দেওয়ার পর সোচ্চার হয়ে ওঠে বলিউডসহ সারা ভারত।