ভারতের কর্নাটকের ২৯তম মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বিএস ইয়েদুরাপ্পা। নিজেদের জোটের পাওয়া আসন বেশি হওয়ার পরও একক দল হিসেবে বিজেপিকে সরকার গঠনে রাজ্য গভর্নরের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেস ও জনতা দলের বিক্ষোভের মধ্যেই তিনি শপথ নিলেন। ১৮ মে শুক্রবার খবরটিকে নিজেদের প্রধান শিরোনাম করেছে ভারতীয় দৈনিক পত্রিকা দ্য হিন্দু।
রাজ্য গভর্নরের বিতর্কিত সিদ্ধান্তের পর কংগ্রেস ও জনতা দলের আইনি চ্যালেঞ্জ উপেক্ষা করে রাজ ভবরে শপথ নিয়েছে ৭৫ বছর বয়সী এই বিজেপি নেতা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ভারতের পরিচিত কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে কেবল প্রকাশ জাভাদেকার এই অনুষ্ঠানে ছিলেন। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ হলেও রাজ্যের অন্য ১৫টি মন্ত্রীর শপথ অনুষ্ঠিত হয়নি। কারণ গভর্নর এজন্য তাদের ১৫ দিন সময় দিয়েছেন।
এই শপথ গ্রহণের ঘটনাকে ‘সংবিধানের লঙ্ঘন ও গণতন্ত্রের পরাজয়’ হিসেবে উল্লেখ করে টুইট বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর বিজেপি সভাপতি অমিত শাহ কংগ্রেসের বিরুদ্ধে জরুরি অবস্থা জারির অভিযোগে তুলে বলেন এমন দলের মুখে সংবিধানের সর্বনাশের কথা মানায় না।
সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কর্নাটকে বিজেপি নেতাকে সরকার গঠনের আহ্বান জানানোর গভর্নরের সিদ্ধান্তের প্রতিবাদের বিধানসভার সামনে গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ করেছে কংগ্রেসের নেতারা।