দেশের অভ্যন্তরীণ বাজারের বিশেষ করে কৃষি ও খাদ্য চাহিদা মেটাতে ১৬টি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে কাতার। দেশটির শীর্ষস্থানীয় বেসরকারি করপোরেশন আল ফয়সাল হোল্ডিং এ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে। রবিবার (২০ মে) কাতার বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফয়সাল বিন কাসিম আল-থানি এ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২২ মে) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।
রবিবার কাতার বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফয়সাল বিন কাসিম আল-থানি বলেন, ‘আমাদের গ্রুপ ১৬ ধরনের কারখানা তৈরি নিয়ে গবেষণা করছে। এরমধ্যে কোনও কোনওটি এরইমধ্যে শুরু হয়ে গেছে। অন্যগুলো পাইপলাইনে আছে, শিগগিরই শুরু হবে।’
শেখ ফয়সাল জানান, অভ্যন্তরীণ বাজারের সব প্রয়োজন পূরণের জন্য অনেক কাতারি কোম্পানি স্থানীয়ভাবে কিংবা বৈদেশিকভাবে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত আছে। সৌদি আরবের নেতৃত্বে অবরোধের প্রসঙ্গ টেনে গালফ টাইমসকে তিনি আরও বলেন, ‘অন্যায়ভাবে আরোপিত’ অর্থনেতিক অবরোধের প্রথম বছর শেষ করেছে কাতার। অবরোধের চ্যালেঞ্জগুলো কাতার ‘সফলভাবে জয়’ করেছে বলে দাবি করেন তিনি।
২০১৭ সালের জুনে কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।