এক বছরের গবেষণা শেষে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, বেশিরভাগ ক্ষেত্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নিহত হচ্ছে বলে মনে করা হলেও সে হার আদতে মোট নিহতদের মাত্র ৪ শতাংশ। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে পুলিশের গুলিতে ৯৬৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৯০ জন ছিলেন একেবারেই নিরস্ত্র। ৫৬৪ জনের কাছে একটি করে বন্দুক ছিল। আর ২৮৩ জনের কাছে একাধিক অস্ত্র ছিল। নিরস্ত্র ৯০ জনের মধ্যে কৃষ্ণাঙ্গের হার ৪০ শতাংশ।
ওয়াশিংটন পোস্টের দাবি, মার্কিন পুলিশি হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনাকে তারা যেভাবে একত্রিত করেছে তা এর আগে যুক্তরাষ্ট্রের সরকারি কোন সংস্থা করতে পারেনি। ২০১৪ সালের আগস্টে ফার্গুসনে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হওয়ার পর প্রকল্পটি হাতে নেয় ওয়াশিংটন পোস্ট। বিভিন্ন সাক্ষাৎকার, পুলিশ রিপোর্ট, স্থানীয় সংবাদ এবং বিভিন্ন সূত্রের বরাতে গবেষণাটি পরিচালিত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে তাদের মধ্যে এক চতুর্থাংশ অর্থাৎ ২৪৩ জন মানসিক জটিলতায় ভুগছিলেন। আর এইসব মানুষের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনের কাছে অস্ত্র ছিল। গবেষণায় আরও বলা হয়, মানসিক জটিলতায় ভুগতে থাকা এসব মানুষকে যে পুলিশ কর্মকর্তারা হত্যা করেছেন তাদের মানসিক রোগী সামলানোর মতো প্রশিক্ষণ ছিল না।
গবেষণায় বলা হয়, বেসামরিকদের হত্যার জন্য গত এক দশক ধরে প্রতি বছর গড়ে ৫ জন করে পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চলতি বছর ১৮ জন পুলিশ সদস্যকে হত্যাকাণ্ড, বেপরোয়া আচরণসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই খালাস পেয়ে যান অভিযুক্তরা। সূত্র: ওয়াশিংটন পোস্ট
/এফইউ/বিএ/