পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের মারদানে এক আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার পেশাওয়ারের ৬০ কিলোমিটার দক্ষিণপূর্বের মারদানে ন্যাশনাল ডাটাবেজ ও রেজিস্ট্রেশন অথরিটি কার্যালয়ের এই হামলায় আহত হন আরও অর্ধশতাধিক।
পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট হারুন বাচা ডনকে বলেন, ‘হামলাকারী বিস্ফোরক নিয়ে একটি মোটর সাইকেলে করে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে এক নিরাপত্তারক্ষী তার পথ আটকান। মধ্যাহ্নবিরতিতে কার্যালয়ের মূল ফটক বন্ধ ছিল।নিরাপত্তারক্ষী হামলাকারীকে থামালে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিস্ফোরণটি ঘটে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে আত্মঘাতী হামলাকারীর চিহ্নও অবশিষ্ট নেই। রক্ষীর পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তারক্ষী অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। তিনি নিজের জীবন বিপন্ন করেও হামলাকারীকে থামাতে চেষ্টা করেছেন।’
মারদানের ডেপুটি কমিশনার ড ইমরান শেখ ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে একটি ১০ বছরের মেয়েও রয়েছে। আহতদের মধ্যে ৩ জন নারী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ওই জেলায় কোন সন্ত্রাসবাদী বা জঙ্গি কর্মকাণ্ডের কথা অস্বীকার করা হলেও, স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্যরা জেলার বিভিন্ন অংশে তৎপর রয়েছেন।সূত্র- ডন
/ইউআর/বিএ/