পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআর-এর দেওয়া এক বিবৃতিতে সৌদি কূটনীতিকদের সঙ্গে রাহিলের বৈঠকের খবরটি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘সৌদি সামরিক প্রতিরক্ষাবিষয়ক সহকারী মন্ত্রী মুহাম্মদ বিন আবদুল্লাহ আল-আয়িশ জেনারেল হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন এবং সেনা প্রধান রাহিল শরিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াবলী এবং পারস্পরিক প্রশিক্ষণ বিনিময়সহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।’
তবে আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে কোন ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে তা নিশ্চিত করা হয়নি বিবৃতিতে।
গত ডিসেম্বরে সৌদি আরব ঘোষিত ৩৪ সদস্যবিশিষ্ট সন্ত্রাসবিরোধী জোটে অঙশ নেওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান। তবে রিয়াদের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানার পরই নিজেদের করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছিল পাকিস্তান। সৌদি কূটনীতিকরা মূলত সেই সংক্রান্ত আলোচনা করতেই সেনা প্রধানের সঙ্গে দেখা করেছেন বলে গুঞ্জন উঠেছে। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন সেনা মুখপাত্র অসীম বাজওয়া।
এর আগে গত অক্টোবরেও দুদেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সমন্বয়ে ভিন্ন মাত্রা যোগ হয়েছিল। সে সময় সৌদি আরবের বিশেষ বাহিনীকে সন্ত্রাসবাদবিরোধী প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান। আর নভেম্বরে দুদেশের মধ্যে সন্ত্রাসবিরোধী সহায়তা নিয়ে আলোচনার জন্য সৌদি বাদশাহ সালমানের সঙ্গে দেখা করেন রাহিল।
/এফইউ/বিএ/