ভারতের বিমানঘাঁটিতে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে জয়েশ-ই-মোহাম্মদ নেতা মওলানা আজহার মাহমুদকে আটক করা হয়েছে।তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
পুলিশ ও প্রতিরক্ষা কর্মকর্তারা এখনও মওলানা আজহারকে গ্রেফতার বা আটকের বিষয়ে কোন তথ্য নিশ্চিত করেননি।তবে বাহাওয়ালপুর, বাহাওয়ালনগরসহ কয়েকটি থানার কর্মকর্তারা এই আটকের কথা জানিয়েছেন।
বাহাওয়ালপুরের ডিপিও সারফরাজ আহমেদ বলেন, ‘এটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। কেন্দ্রীয় প্রশাসন তাকে পুলিশ হেফাজতে রাখতে পারেন।’
কয়েকটি সূত্র আরও জানিয়েছে, মওলানা আজহারের ভাই ও আরেক আত্মীয়কেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে মওলানা আজহারকে ১৯৯৪ সালে ভারতে গ্রেফতার করা হয়। কিন্তু ১৯৯৯ সালে তাকে মুক্তি দিতে বাধ্য হয় ভারত। কেননা হারকাতুল মুজাহিদিন নামের এক জঙ্গি সংগঠন ভারতের একটি বিমান ছিনতাই করে আফগানিস্তানের কান্দাহারে অবতরণ করায় ও মওলানা আজহারের মুক্তির বিনিময়ে জিম্মি করা বিমান যাত্রী ও কর্মীদের মুক্তি দেয়।
পাকিস্তানে ফিরে মওলানা আজহার হারকাতুল মুজাহিদিন থেকে বিভক্ত হয়ে যান ও ২০০০ সালে জয়েশ-ই-মোহাম্মদ গঠন করেন। জেনারেল পারভেজ মোশাররফের শাসনামলে ২০০২ সালে আন্তর্জাতিক চাপে জয়েশ-ই-মোহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার।
/ইউআর/