দ্য গার্ডিয়ান

জিহাদি সংগঠনে যোগ দিতে চাওয়া ৬শ ব্রিটিশ আটক

দ্য গার্ডিয়ানের প্রথম পাতার ছবিসশস্ত্র সুন্নিপন্থি সংগঠন আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়ার চেষ্টা করায় ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৬শ ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। শুক্রবার তুরস্কের দক্ষিণাঞ্চল সফরে গিয়ে এ তথ্য জানান তিনি।
হ্যামন্ড জানান, গত চার বছরে ৮শ ব্রিটিশ নাগরিক সিরিয়ায় পাড়ি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরমধ্যে অনেকে আবার দেশে ফিরে আসলেও এর অর্ধেক এখনও সিরিয়ায় অবস্থান করছে বলেও মনে করে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো।
হ্যামন্ড বলেন, সিরিয়ায় প্রবেশ করতে চাওয়া ব্রিটিশ নাগরিকদের ঠেকাতে একযোগে কাজ করছে যুক্তরাজ্য ও তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলো। এরমধ্যে কাউকে যুক্তরাজ্যের সীমান্তেই আটক করা হচ্ছে আবার কাউকে বিমান কিংবা ট্রেনে করে ইস্তাম্বুলে প্রবেশের পর আটক করা হচ্ছে।
ব্রিটিশ জিহাদিদের সিরিয়ায় যাওয়ার ক্ষেত্রে প্রধান রুট হলো তুরস্ক। তুরস্ক হয়ে সিরিয়ায় যাওয়া জিহাদিদের মধ্যে এ পর্যন্ত অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কেউ আইএসের হয়ে লড়াই করছিলেন কেউবা আবার আল-কায়েদার সিরীয় শাখা জাভাত আল নুসরার হয়ে কাজ করছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/