ডন

নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দিয়ে নওয়াজের 'নিরাপত্তা বৈঠক'

nonameপাকিস্তানের সার্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে প্রধানমন্ত্রী ভবনে অনুষ্ঠিত সেই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা সেনাবাহিনীর তরফে কেউ উপস্থিত ছিলেন না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একে স্বাভাবিক ব্যাপার হিসেবে দেখতে বললেও এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে বিশ্লেষকদের মনে। আর এই ঘটনা নিয়েই শনিবার তাদের প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
বৈঠকের পরে এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সার্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, শেষ সন্ত্রাসীকে ধ্বংস করার আগ পর্যন্ত সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ অব্যাহত থাকবে।
নিজস্ব সূত্রের বরাতে ডন জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগের নেতৃত্বকে নিয়ে এই বৈঠক শুরু হয়। পরে সীমিত পরিমাণের বেসামরিক নেতৃত্ব আলাদা করে বৈঠক করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল নাসির জানজুয়া বৈঠকে উপস্থিত ছিলেন না। তবে তিনি একে স্বাভাবিকভাবেই দেখছেন। ডনকে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। এই বৈঠকে উপস্থিত না থাকা আলাদা করে কোন অর্থ বহন করে না।

নওয়াজ শরীফের নিরাপত্তা বৈঠক

তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে নিরাপত্তা উপদেষ্টার উপস্থিত না থাকা স্বাভাবিক ব্যাপার নয়। একজন প্রতিরক্ষা বিশ্লেষক ইমতিয়াজ গুল ডনকে বলেছেন, এই ঘটনায় জনমনে সন্দেহ তৈরীর অবকাশ রয়েছে।

এদিকে নিজস্ব বিশ্বস্ত সূত্রের বরাতে ডন জানিয়েছে, বৈঠকে সেনাপ্রধান রাহেল শরীয় তার চাকরীর সীমা না বাড়ানোর যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে খুব সীমিত সংখ্যক বেসামরিক নেতার উপস্থিতিতে এ নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠকে যারা ছিলেন, তাদের কারও সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়নি ডন।

/বিএ/