ডন

দামেস্কের হামলায় আইএসের দায় স্বীকার

ডন-এর প্রথম পাতাসিরিয়ার রাজধানী দামেস্কে শিয়াদের একটি মাজারের কাছে বোমা হামলার ঘটনার দায় স্বীকার করেছে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর প্রধান শিরোনামে ওই হামলায় ৫০ জনেরও বেশি মানুষের নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে।
রবিবার দামেস্কের দক্ষিণাঞ্চলের ওই মাজারের কাছে তিন দফায় এসব হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি বাস স্টেশন ও সামরিক সদর দফতরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে যখন জেনেভায় শান্তি আলোচনা চলছে তখন এ হামলার ঘটনা ঘটলো। তিনটি হামলার মধ্যে দুটি ছিল আত্মঘাতী এবং অপরটি ছিল গাড়িবোমা হামলা।
সাইয়িদা জয়নাব মাজার সিরিয়ার শিয়াদের কাছে খুব গুরুত্বপূর্ণ এলাকা বলে বিবেচিত। এই এলাকাটি দেশটির শিয়া যোদ্ধাদের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। গত বছরের ফেব্রুয়ারিতেও সাইয়িদা জয়নাব মাজার এলাকায় হামলা হয়েছিলো।

/বিএ/