আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার রাতে শুরু হয় প্রার্থী নির্বাচন প্রক্রিয়া। এর অংশ হিসেবে আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থীদের ভোটাভুটিতে জয় পেয়েছেন টেক্সাস থেকে নির্বাচিত দলটির সিনেটর টেড ক্রুজ। ক্রুজ রিপাবলিকান ভোটের ২৮ শতাংশ পেয়েছেন এবং ট্রাম্প পেয়েছেন ২৪ শতাংশ। ক্রুজ বিজয়ের পর বলেছেন - এই ফলাফল প্রমাণ করে যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন তা মিডিয়ার ঠিক করার বিষয় নয়।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই প্রথমবারের মতো দেশটির কোনও অঙ্গরাজ্যে প্রার্থী বাছাই নিয়ে ভোটাভুটি হলো। এর আগে জাতীয়ভাবে জনমত জরিপে এগিয়ে ছিলেন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দলীয় ফোরামে প্রথম দফার ভোটাভুটিতে দ্বিতীয় হয়েছেন তিনি।
পরাজয়ের পর প্রথমবারের মতো রিপাবলিকান নেতারা ট্রাম্পের সমালোচনা করেছেন। এছাড়া এতদিন ট্রাম্প দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আক্রমণ করে আসলেও এবার উল্টো আক্রমণের শিকার হয়েছেন তিনি। রিপাবলিকান দলের আরেক প্রার্থী জেব বুশ একটি ভিডিও বিজ্ঞাপন প্রকাশ করেছেন। তাতে তিনি ট্রাম্পকে গভীর অনিরাপত্তা ও দুর্বলতার মানুষ হিসেবে উল্লেখ করেছেন। নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস ক্রিসটিই ব্যঙ্গ করে ট্রাম্পকে ‘ডোনাল্ড দ্য ম্যাগনিফিসেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন। সাবেক গভর্নর জন এইচ সুনুনু ট্রাম্পকে ‘পরাজিত’ হিসেবে আখ্যায়িত করেছেন।
এদিকে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের প্রথম দফায় আইওয়া ককাসে এক শতাংশেরও কম ব্যবধানে জয়ের দাবি করেছেন হিলারি ক্লিনটন।
আইওয়া অঙ্গরাজ্যে ককাসের পর হিলারি ক্লিনটনের শিবির বলছে, তারাই এগিয়ে আছেন এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স এখন আর কোনভাবেই হিলারিকে টপকাতে পারবেন না।
একটি নির্বাচনি এলাকার ফল এখনো ঘোষিত হয়নি। তবে সেখানেও অতি অল্প ব্যবধানে হিলারিই এগিয়ে আছেন। কিছু কিছু নির্বাচনি এলাকায় 'টস' করে ফল নির্ধারিত হয়েছে। হিলারি ক্লিনটন বলেছেন, ফলাফলের পর তিনি স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
/এএ/