মসজিদ পরিদর্শনে গিয়ে কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করেন ওবামা। সেসময় যুক্তরাষ্ট্রের ইতিহাসে মুসলিমদের অবদানের প্রশংসা করেন তিনি। মুসলিম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেন, ‘একজনের বিশ্বাস আক্রান্ত হলে সবার বিশ্বাস আঘাত পায়।’
সম্প্রতি একাধিক সন্ত্রাসী ঘটনা ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ইসলামবিরোধী মনোভাবের ফলে যুক্তরাষ্ট্রে আরও বেড়ে গেছে মুসলিমবিদ্বেষ। ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনোতে এক মুসলিম দম্পতির গুলিতে ১৪ জন নিহত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ‘মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।’
সরাসরি ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও একরকম তাকেই ইঙ্গিত করে ওবামা মুসলিমদের বলেন,‘মুসলিমরা অন্যান্য ধর্মবিশ্বাসীদের মতোই মার্কিন পরিবারের সদস্য।’ কোনো রিপাবলিকান রাজনীতিকের নাম না উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমাদের বিভক্ত করতে চায়, আমাদের উচিত হবে তাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করা।’
২০০১ সালে নাইন ইলেভেনের হামলার ছয়দিন পর আমেরিকান মুসলিমদের আশ্বস্ত করতে যুক্তরাষ্ট্রের মসজিদ পরিদর্শন করেন সেসময়কার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। মার্কিন প্রেসিডেন্ট ওবামা বিভিন্ন দেশে সফরের সময় মসজিদ পরিদর্শন করলেও যুক্তরাষ্ট্রে প্রথম মসজিদ পরিদর্শন করলেন তিনি। সিএনএন-ওআরসির জরিপ অনুযায়ী ৪৩ শতাংশ রিপাবলিকান আর ২৯ শতাংশ আমেরিকান ওবামাকে মুসলিম মনে করেন। সে ধারণা যেন বিশ্বাসে পরিণত না হয় সেকারণে এতোদিন ওবামা মসজিদ পরিদর্শন করা থেকে বিরত থাকতেন বলে মনে করা হয়ে থাকে।
/এফইউ/বিএ/