ডন

পাকিস্তানের স্থানীয় জঙ্গিদের সঙ্গে মিলছে আইএস

nonameপাকিস্তানের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান আফতাব সুলতান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিকে জানিয়েছেন সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) উত্থান হুমকির পর্যায়ে চলে গেছে। কেননা অনেক স্থানীয় জঙ্গি সংগঠনের ইসলামিক স্টেটের প্রতি পক্ষপাতিত্ব রয়েছে। বুধবার আফতাব সুলতান এ কথা জানান। আর তা নিয়েই বৃহস্পতিবার প্রধান শিরোনাম করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
আফতাব সুলতান লস্কর-ই-জংভি ও সিপাহ-ই-সাহাবা পাকিস্তানের নাম উল্লেখ করে বলেন, এই সংগঠনগুলোর ইসলামিক স্টেটের প্রতি দুর্বলতা রয়েছে। তিনি আরও বলেন, আইএস ও আফগান তালেবান পরস্পরের বৈরী হলেও তেহরিক-ই-তালেবান পাকিস্তান এ ক্ষেত্রে সমন্বয়কারীর ভূমিকা পালন করছে।
এদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইএসের অস্তিত্বের কথা অস্বীকার করলেও ইন্টেলিজেন্স ব্যুরো পাকিস্তানে আইএস তৎপরতার নানা তথ্যপ্রমাণ হাজির করেছে।
আইবি প্রধান আফতাব সুলতান নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রধান সমন্বয়কারী হিসেবে দাবি করেন। বিশেষত পুলিশ কর্মকর্তা চৌধুরী আসলাম ও এএনপি নেতা বশির বেলোর হত্যাকাণ্ডের পেছনে ওই জিহাদি সংগঠনগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গোয়েন্দা সংস্থা একই সঙ্গে সেনাবাহিনী ও জঙ্গিবিরোধী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। তবে আগামী এক দশকের মধ্যে আরও জঙ্গি হামলা ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি। তিনি মনে করেন, আগামী এক দশকের মধ্যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না।

/ইউআর/বিএ/