নিউ ইয়র্ক টাইমস

ওবামাকে নতুন বিচারপতি নিয়োগের সুযোগ দিতে চান না রিপাবলিকানরা

সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছেন তার রাজনৈতিক প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির নেতারা। মঙ্গলবার সিনেটের রিপাবলিকান পার্টির নেতারা বলেছেন, প্রয়াত বিচারপতি আন্তোনিন স্কালিয়ার উত্তরসূরি নিয়োগ নিয়ে তারা কোনও শুনানির আয়োজন করবেন না। এ নিয়ে কোনও ভোটাভুটি এমনকি ওবামার সঙ্গে কোনও সৌজন্য সাক্ষাতও করবেন না।
সিনেটের জুডিশিয়ারি কমিটিতে রিপাবলিকান পার্টির সদস্যরা একযোগে লিখিত অঙ্গীকার করে দলটির এমন অবস্থানের কথা জানিয়েছেন।

নিউ ইয়র্ক টাইমস

এর মাধ্যমে মূলত একটা পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন রিপাবলিকানরা। আর সেটা হচ্ছে ওবামার হাতে এ নিয়োগ ঠেকাতে তারা বদ্ধপরিকর।

সিনেটর মিচ ম্যাককনেল বলেন, ‘এ ব্যাপারে আমি সিনেটের জুডিশিয়ারি কমিটির সঙ্গে একমত। প্রয়াত বিচারপতি আন্তোনিন স্কালিয়ার মৃত্যুতে সুপ্রিমকোর্টে যে শূন্যতা তৈরি হয়েছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তা পূরণ করা উচিৎ হবে না।’ প্রেসিডেন্ট ওবামার অফিস ত্যাগ করার পরই এই শূন্য পদে বিচারপতি নিয়োগের আহবান জানান সিনেটর ম্যাককোনেল।

২০ জানুয়ারি ২০১৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকছেন ওবামা। তবে ম্যাককনেলের দাবি, ওবামার সময় শেষ হয়ে আসায় এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে সিদ্ধান্ত নেবেন পরবর্তী প্রেসিডেন্ট।

উল্লেখ্য, সদ্য প্রয়াত বিচারপতি আন্তোনিন স্কালিয়া মার্কিন সুপ্রিম কোর্টে ‘অত্যন্ত রক্ষণশীল’ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর প্রেসিডেন্টের হাতে নতুন বিচারপতি মনোনয়নের সুযোগ রয়েছে। তবে রিপাবলিকানরা চাইছেন ওবামা যাতে তা না করতে পারেন। রিপাবলিকানরা চান, রক্ষণশীল ধারার কেউ আবারও সে পদে আসুন। আর ওবামার হাত দিয়ে তেমন কিছু হওয়ার নিশ্চয়তা নেই। রিপাবলিকানদের আশঙ্কা, ওবামা যদি তার পছন্দমতো কোনও বিচারপতিকে মনোনয়ন দেন তাহলে আদালতে উদারপন্থীদের পাল্লা ভারী হবে।

/এমপি/বিএ/