দ্য টাইমস অব ইন্ডিয়া

নেহেরু, ইন্দিরা ও রাজীবের প্রসঙ্গ টেনে কংগ্রেস ও রাহুলকে কটাক্ষ মোদির

ভারতের লোকসভায় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী এবং তার দল কংগ্রেসের ওপর একহাত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি প্রয়াত জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর প্রসঙ্গ টেনে কংগ্রেস ও রাহুলকে কটাক্ষ করেন। এ বিষয়টি নিয়ে শুক্রবারের প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

রাহুল গান্ধীর নাম ঊহ্য রেখেই বৃহস্পতিবার মোদি কড়া ভাষায় বলেন, বিরোধী দলের কারও ‘হীনম্মন্যতার কারণে’ পার্লামেন্ট অধিবেশন চলতে দেওয়া হচ্ছে না।

বিদেশি বিনিয়োগ আকর্ষণের কর্মসূচি ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে রাহুলের ঠাট্টা-তামাশার প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি স্মরণ করিয়ে দেন, সেই ১৯৭৪ সালে ইন্দিরা গান্ধীও দেশকে দুর্বলভাবে চিত্রায়িত না করার পরামর্শ দিয়েছিলেন। আর পার্লামেন্ট অধিবেশন ভন্ডুলের বাসনা না নিয়ে নিয়ম মেনে বিতর্ক করলে তা আরও ফলপ্রসূ হবে। মোদি বলেন, এটি তার নয়, স্বয়ং রাজীব গান্ধীর কথা।

The Times of India

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় নরেন্দ্র মোদি বলেন, ‘কিছু লোকের বয়স বাড়ে, কিন্তু বুদ্ধি বাড়ে না। আমাদের আক্রমণ করা হচ্ছে। কারণ, বিগত ৬০ বছরে তারা যা করেছে এর চেয়ে ভালো করছি আমরা। কংগ্রেসের ফেলে যাওয়া ৬০ বছরের আবর্জনা পরিষ্কার করছি আমরা।’

তিনি বলেন, আগের সরকারগুলো দারিদ্র্য নির্মূল করতে পারলে এমএনআরইজিএর মতো প্রকল্পের দরকার হতো না। ভারতে দারিদ্র্যের বীজ বপন করেছে কংগ্রেস।

এর আগে গত বুধবার লোকসভার চলতি অধিবেশনে রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী কেবল নিজের মতামত দিয়ে দেশ চালাতে পারেন না। দেশ প্রধানমন্ত্রী নয় কিংবা প্রধানমন্ত্রীই দেশ নয়।’

মোদির উদ্দেশে রাহুল বলেন, ‘যারা আপনার আশপাশে আছে তাদের কথা শুনুন, জনগণের কথা শুনুন।’ এছাড়া কেন্দ্রীয় বাজেটে কালোটাকা সাদা করার প্রস্তাব, মোদির আকস্মিক পাকিস্তান সফর, চাপের শিকার হয়ে হায়দরাবাদের নিম্নবর্ণের শিক্ষার্থী রোহিত ভেমুলার আত্মহত্যা ও জেএনইউ বিতর্ক নিয়ে রাহুল প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/