২০টি আরব দেশের অংশগ্রহণে সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক মহড়া ‘নর্থ থান্ডার’। এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবারের প্রধান প্রতিবেদন করেছে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট।
মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে এরইমধ্যে হাফার আল বাতিন এলাকায় পৌঁছেছেন বাদশাহ সালমান।
অনুষ্ঠানে যোগদান ছাড়াও সৌদি আরব এবং মহড়ায় অংশ নেওয়া অন্য আরব দেশগুলোর সশস্ত্র বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করবেন।
এর আগে কিং সৌদ বিমান ঘাঁটিতে পৌঁছালে বাদশাহ সালমানকে স্বাগত জানান ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
সৌদি গেজেট জানিয়েছে, ২০টি আরব দেশের এ মহড়াকে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক মহড়া হিসেবে গণ্য করা হয়। এতে সংশ্লিষ্ট দেশগুলোর সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা অংশ নেন। এ আয়োজনের একটা বড় উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসী গ্রুপগুলোর হুমকি মোকাবিলায় এ অঞ্চলের সশস্ত্র বাহিনীকে আরও প্রশিক্ষিত ও গতিশীল করা।
গত ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এ মহড়া বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে।
/এমপি/