ডন

খাবার ও জ্বালানি ঘাটতিতে গিলগিট-বালতিস্তানের মানুষ

খাবার ও জ্বালানি সংকটে ভুগছেন পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলের বাসিন্দারা। এছাড়া গত পাঁচদিন ধরে সেখানে প্রয়োজনীয় নানা মৌলিক উপাদানের সরবরাহও অপ্রতুল হয়ে পড়েছে। সাম্প্রতিক প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়টি নিয়ে শুক্রবার শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
সম্প্রতি অবিরাম বর্ষণে এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলের মহাসড়ক এবং সংযোগ সড়কগুলো তলিয়ে যায়।

চলতি মাসের গোড়ার দিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মুষলধারে বৃষ্টি থেকে সৃষ্ট আকস্মিক এ বন্যায় অন্তত ৬৫ জনের মৃত্যু হয়। ভারী বর্ষণের ফলে খাইবার পাখতুনখাওয়া, কাশ্মির ও গিলগিট-বালতিস্তান অঞ্চলে বন্যা দেখা দেয়।

Dawn

বন্যার তীব্রতার ফলে স্থানীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয় প্রশাসন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা লতিফ উর রেহমান বলেন, বৃষ্টি ও বন্যায় আহত বেশকিছু লোকজনকে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃষ্টি ও বন্যায় ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতু ডুবে গেছে। সোয়াত ভ্যালির বাসিন্দা হাবিব খানের অভিযোগ, বন্যার ফলে তারা অসহায় অবস্থায় আছেন। তাদের উল্লেখযোগ্য কোনও সরকারি সহায়তা পাননি। পাকিস্তানের কর্মকর্তারা অবশ্য বলছেন, দুর্গত লোকজনের জন্য মোটা কাপড় ও অন্যান্য ত্রাণ পাঠানো হয়েছে।

এর আগে ২০১০ সালে পাকিস্তানে বন্যায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। ওই সময় পরিস্থিতি মোকাবিলায় বন্যা দুর্গতদের জন্য পাকিস্তান সরকার জরুরি সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানায়। ওই আবেদনে সাড়া দেয় জাতিসংঘসহ বিভিন্ন দেশ এবং সংস্থা। সূত্র: ডন।

/এমপি/