ডন

বোমা আর গুলির শব্দে কাঁপলো কাবুল

ডনের প্রথম পাতামঙ্গলবার আফগানিস্তানের কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হন। আহত হন কয়েকশো মানুষ। ঘটনার পরই সশস্ত্র গোষ্ঠী তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়। বুধবার এ নিয়ে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।  
কাবুল পুলিশ প্রধানের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে তালেবানের পক্ষ থেকে ‘বসন্তকালীন অভিযানের’ ঘোষণা দেওয়ার পর এটিই সবচেয়ে বড় হামলা। মঙ্গলবার সকালে সবাই যখন কাজে ব্যস্ত ঠিক সে সময়ই বোমা হামলা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের কাছে একটি সেনা বহরকে লক্ষ্য করে গাড়িভর্তি বোমাগুলো বিস্ফোরণ করেন এক আত্মঘাতী। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।
বোমা হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় হামলাকারীদের। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন সেনা ও পুলিশ সদস্যও রয়েছেন। তবে নিহতদের বেশিরভাগই বেসামরিক আফগান।
/এফইউ/