বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি ও উদ্যোক্তা চেতনা উদযাপন

বিশ্বরঙ নীল উৎসব এবং উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ওই আয়োজনে বাংলার বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি ও উদ্যোক্তা চেতনাকে উদযাপন করা হয়।

বিশ্বরঙয়ের অয়োজন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান; উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার, সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উপ-ব্যবস্থাপক নাসরিন সুলতানা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী; বিশিষ্ট সাংবাদিক শেখ সাইফুর রহমান; বিশিষ্ট চিত্রশিল্পী জিয়া বিপ্লব এবং বিশিষ্ট সংগীতশিল্পী হোমায়েরা বশির।

অনুষ্ঠানের ছিলেন সংস্কৃতি অঙ্গনের অনেকে

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন– বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, পারসোনা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান, জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী, অভিনেত্রী রোজী সিদ্দিকী, মনিরা মিঠু, দীপা খন্দকার, শবনম ফারিয়া ও সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।

অনুষ্ঠানের শুরুতে বিশ্বরঙ ও উদ্যোক্তা ভূমির কর্ণধার বিপ্লব সাহা স্বাগত বক্তব্যে বলেন, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনাকে এক মঞ্চে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নীল উৎসব কেবল একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, শিল্প ও সম্ভাবনাকে উদযাপনের একটি অনন্য প্ল্যাটফর্ম।

বিশ্বরঙয়ের আয়োজন

অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে নাতাশা হায়াতকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এছাড়া ‘বিশ্বরঙ বর্ষামুখ ২০২৬’ ফটো কনটেস্টের চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিযোগীদের সম্মাননা দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরি থেকে নির্বাচিত সেরা ১০ জন নারী, সেরা তিন জন পুরুষ এবং সেরা তিন জন কিডস প্রতিযোগীকে মঞ্চে সার্টিফিকেট ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের শিক্ষার্থীদের পরিবেশনা।

বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনাকে এক মঞ্চে তুলে ধরা

পাশাপাশি চিত্রশিল্পীদের লাইভ পেইন্টিং এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এ নির্বাচিত শিল্পীদের চিত্রকর্ম নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দর্শনার্থীরা শিল্পীদের সৃজনশীল কর্মযজ্ঞ উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করেন। পুরো অনুষ্ঠানজুড়ে প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় ছিলেন রীতি প্রভা ও সাদাব হাসমি।