যার অনেক টাকা আছে, সে আরও টাকা চান। যার ক্ষমতা আছে, সে আরও ক্ষমতা চান। যার হাতে এরই মধ্যে অনেক কিছু, তারও মনে হয়—আরও একটু পেলে ভালো হতো। কিন্তু সেই ‘আরও একটু’র শেষ কোথায়?
চাওয়া মানুষের স্বাভাবিক প্রবণতা। ভালো জীবন, অর্থ, সাফল্য কিংবা নিরাপত্তা চাইতেই পারেন একজন মানুষ। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন পাওয়া কোনো কিছুই আর যথেষ্ট মনে হয় না। যত বেশি পাওয়া যায়, চাওয়ার পরিমাণও তত বাড়তে থাকে। মনোবিজ্ঞানে দীর্ঘদিন ধরে এই অতৃপ্ত আকাঙ্ক্ষাকে ‘লোভ’ হিসেবে দেখা হয়েছে।
লোভ আর উচ্চাকাঙ্ক্ষা এক নয়
জীবনে বড় কিছু করতে চাওয়া অবশ্যই খারাপ নয়। বরং উচ্চাকাঙ্ক্ষা মানুষকে পরিশ্রম করতে, ঝুঁকি নিতে এবং নতুন কিছু অর্জন করতে উৎসাহ দেয়। কিন্তু উচ্চাকাঙ্ক্ষা যখন ‘যেকোনও মূল্যে আরও চাই’-তে পরিণত হয়, তখন সেটি অন্য রূপ নেয়।
লোভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অতৃপ্তি। আপনার যা আছে, সেটি আর যথেষ্ট মনে হবে না। আরও অর্থ, আরও ক্ষমতা, আরও সম্পদ—প্রতিটি অর্জনের পরেই নতুন একটি লক্ষ্য সামনে চলে আসবে। গবেষণায় দীর্ঘমেয়াদি লোভের সঙ্গে হতাশা, আবেগ নিয়ন্ত্রণে সমস্যা, আগ্রাসী আচরণ, অন্যকে ব্যবহার করার প্রবণতা এবং সম্পর্কের অবনতির মতো বিষয়ের সম্পর্ক পাওয়া গেছে।
লোভের পেছনে মস্তিষ্কও আছে
লোভের শুরু কিন্তু কোনও অস্বাভাবিক মস্তিষ্ক থেকে নয়। মানুষের মস্তিষ্কে স্বাভাবিকভাবেই একটি পুরস্কার ব্যবস্থা রয়েছে। কিছু অর্জন করলে ভালো লাগে, কাঙ্ক্ষিত কিছু পেলে আনন্দ হয়। এই অনুভূতিই আমাদের আবার চেষ্টা করতে উৎসাহ দেয়।
সমস্যা তৈরি হয় যখন পুরস্কার পাওয়ার তাড়না আর নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতার মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায়। মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থার সঙ্গে যুক্ত নিউক্লিয়াস অ্যাকামবেনস এবং সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রিফ্রন্টাল কর্টেক্সের পারস্পরিক ভারসাম্য এখানে ভূমিকা রাখতে পারে। অতিরিক্ত লোভের ক্ষেত্রে তাৎক্ষণিক পুরস্কারের আকর্ষণ এতটাই প্রবল হতে পারে যে ভবিষ্যতের ক্ষতির কথা মানুষ উপেক্ষা করতে শুরু করেন।
আজকের লাভ, কালকের ক্ষতি
লোভী আচরণের সঙ্গে ‘ভবিষ্যৎকে কম গুরুত্ব দেওয়া’র একটি প্রবণতার সম্পর্ক রয়েছে। সহজ করে বললে, এখন কিছু পাওয়ার আনন্দ এতটাই বড় হয়ে ওঠে যে ভবিষ্যতে এর জন্য কী মূল্য দিতে হবে, সেই হিসাবটা আর গুরুত্ব পায় না।
আজ বড় লাভ হবে—এই আশায় কেউ এমন ঝুঁকি নিতে পারেন, যার ফল পরে ভয়াবহ হতে পারে। ফলে ‘আগে পাই, পরে দেখা যাবে’ মানসিকতা ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়ার ধরন হয়ে ওঠে।
তাহলে লোভ কি জিনে লেখা?
এর উত্তর পুরোপুরি হ্যাঁ বা না—কোনোটিই নয়। গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি লোভের সঙ্গে ডোপামিনসহ মস্তিষ্কের কিছু রাসায়নিক প্রক্রিয়ার সম্পর্ক থাকতে পারে। ডোপামিন পুরস্কার, প্রেরণা ও আচরণগত তাড়নার সঙ্গে জড়িত। কিছু জিনগত পার্থক্যও মানুষের আবেগপ্রবণতা ও পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষায় ভূমিকা রাখতে পারে।
তবে এর অর্থ এই নয় যে কেউ ‘লোভী জিন’ নিয়ে জন্মালে সে লোভী হবেই। মানুষের আচরণ গড়ে ওঠে জিন, পরিবেশ, অভিজ্ঞতা, সামাজিক মূল্যবোধ এবং ব্যক্তিগত সিদ্ধান্ত—সবকিছুর মিশ্রণে।
সবচেয়ে বড় বিপদটা কোথায়?
লোভের সবচেয়ে বড় বিদ্রূপ হলো, যে জিনিস পাওয়ার জন্য মানুষ লোভী হন, অতিরিক্ত লোভ শেষ পর্যন্ত সেই জিনিসই কেড়ে নিতে পারে।
আরও টাকা চাইছেন নিরাপত্তার জন্য, কিন্তু সেই টাকা পেতে গিয়ে যদি প্রতারণা বা বেআইনি কাজে জড়িয়ে পড়েন, তাহলে নিরাপত্তাই হারাতে পারেন। আরও ক্ষমতা চাইছেন মর্যাদার জন্য, কিন্তু সেই ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে যদি মানুষের বিশ্বাস হারান, মর্যাদাও টিকবে না। আর সুখের জন্য যদি আরও বেশি পাওয়ার নেশায় পরিবার, সম্পর্ক ও মানসিক শান্তি বিসর্জন দিতে হয়, তাহলে সেই সুখটাই বা কোথায়?
সমাজও কি লোভকে উসকে দিচ্ছে?
প্রশ্নটা শুধু ব্যক্তির নয়, সমাজেরও। আমরা উদারতা, সহমর্মিতা ও মানবিকতার কথা বলি, কিন্তু বাস্তব জীবনে সাফল্যের মাপকাঠি অনেক সময় হয়ে দাঁড়ায়—কে কত বেশি আয় করেন, কার সম্পদ কত বেশি, কার ক্ষমতা কত বেশি।
ফলে ‘আরও বেশি’ পাওয়ার আকাঙ্ক্ষা কখনও কখনও সামাজিকভাবেও পুরস্কৃত হয়। উচ্চাকাঙ্ক্ষাকে আমরা সাফল্যের লক্ষণ হিসেবে দেখি। কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ।
কারণ উচ্চাকাঙ্ক্ষা আপনাকে এগিয়ে নিতে পারে, আর নিয়ন্ত্রণহীন লোভ আপনাকেই পেছন থেকে টেনে ধরতে পারে।
শেষ পর্যন্ত কতটা ‘যথেষ্ট’?
জীবনে আরও ভালো কিছু চাইব—এটাই স্বাভাবিক। আরও ভালো চাকরি, বেশি আয়, সন্তানের সুন্দর ভবিষ্যৎ কিংবা নিজের জন্য একটু বেশি নিরাপত্তা—এসব চাওয়া লোভ নয়।
সমস্যা তখন, যখন ‘আরও চাই’ কখনও ‘যথেষ্ট হয়েছে’-তে থামতে পারে না। যখন অর্জনের আনন্দের চেয়ে আরও পাওয়ার তাড়না বড় হয়ে যায়, আর সেই তাড়নায় সম্পর্ক, নৈতিকতা কিংবা নিজের শান্তিকেও বিসর্জন দিতে শুরু করি।
তাই প্রশ্নটা হয়তো ‘আমি আর কত পাব?’ নয়। বরং ‘আমার কতটা প্রয়োজন, আর কোথায় গিয়ে থামা উচিত?’
কারণ জীবনে সবকিছু পাওয়ার পরও যদি মনে হয় আরও চাই, তাহলে হয়তো সমস্যা জিনিসের অভাবে নয়।
সমস্যাটা হতে পারে—আমরা ‘যথেষ্ট’ বলতে ভুলে গেছি।