ঈদে বেড়ানো

ঢাকা থেকে একটু দূরে...

ঈদের ছুটি শেষ হতে বাকি আরও দিন দুয়েক। এই ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবছেন? একদিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন ঢাকার আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান থেকে। জেনে নিন কোথায় কোথায় যেতে পারেন ছুটির দিনগুলোতে...  

একদিন সময় নিয়ে ঘুরে আসতে ঢাকার আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান থেকে
ফ্যান্টাসি কিংডম: ঢাকার অদূরে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম সারা দিন হই-হুল্লোড়, খেলাধুলা, খাওয়া-দাওয়ার জন্য চমৎকার বিনোদন কেন্দ্র। এখানে আছে ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, প্যাডেল বোট, জায়ান্ট ফেরিস হুইল, ফ্লুম রাইড, বাউন্সি স্লাইড, বাউন্সি ক্যাসল, ব্যাটারি কার, সার্কাস সুইং, ঈগলু হাউসসহ বিভিন্ন রাইড। ওয়াটার কিংডমে রয়েছে ফ্যামিলি পুল, ওয়াইল্ড ওয়েভ রিভার, লেজি রিভারসহ নানা ধরনের রাইড। ভালো সময় কাটাতে ঘুরে আসতে পারেন ফ্যান্টাসি কিংডম থেকে। 

নন্দন পার্ক: গাজীপুরের চন্দ্রামোড়ের কাছে আরেকটি বিনোদন কেন্দ্র হচ্ছে নন্দন পার্ক। ভেতরে বিশাল পরিসর। চাইলে পানিতে নেমে সাঁতারও কাটা যাবে এই পার্কের সুইমিং পুলে। পরিবার অথবা বন্ধুদের নিয়ে এখানে চলে আসতে পারেন। ছুটির দিনটা খারাপ কাটবে না! 

ড্রিম হলিডে পার্ক: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনার চৈতাবতে পার্কটির অবস্থান। ছোট-বড় সবার জন্যই রয়েছে আলাদা সব রাইড। ঢাকা থেকে ঘণ্টা খানেকের দূরত্ব। ৬০ একর জমির ওপর নির্মিত এ পার্কে রয়েছে নাগেট ক্যাসল, এয়ার বাইসাইকেলসহ মজার মজার অনেক রাইড। 

জাতীয় স্মৃতিসৌধ: সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ থেকেও বেড়িয়ে আসতে পারেন ঈদের ছুটিতে। ঈদের ছুটির তিনদিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে জাতীয় স্মৃতিসৌধ।

পানাম নগর: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানাম নগর । এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূঁইয়াদের ইতিহাসের সাক্ষ্য বহন করে। সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগর। হাতে একটু সময় নিয়ে বেরিয়ে পড়তে পারেন ঈদের দিন।

 

/এফএএন/এনএ/