রেসিপি: টক-ঝাল টমেটো রাইস

টক-ঝাল টমেটো রাইস পরিবেশন করতে পারেন দুপুরে অথবা রাতের আয়োজনে। স্বাদে ভিন্নতা নিয়ে আসবে মজাদার এই আইটেমটি। জেনে নিন কীভাবে রান্না করবেন টমেটো রাইস।

টমেটো রাইস
উপকরণ
বাসমতী চাল- ১ কাপ (পানিতে ভেজানো)
পেঁয়াজ- ২টি (কুচি)
সাম্বার গুঁড়া- ২ চা চামচ (ধনে, জিরা, মেথি, গোলমরিচ, সরিষা, হলুদ, মরিচ ও বেসন গুঁড়া)
ধনেপাতা- ১ মুঠো
তেল- ২ টেবিল চামচ
রসুন বাটা- আধা চা চামচ
টমেটো- ৪টি
কাঁচামরিচ- ৩টি
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
লবণ- স্বাদ মতো
আদা বাটা- আধা চা চামচ
মরিচ গুঁড়া- ২ চিমটি  
প্রস্তুত প্রণালি
বাসমতী চাল পানিতে ভিজিয়েরাখুন ২০ মিনিট। একটি প্যানে পানি দিয়ে মাঝারি আঁচে রাখুন কিছুক্ষণ। পানি ফুটে উঠলে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। চাল নরম হয়ে গেলে নামিয়ে ফেলুন।
ব্লেন্ডারে টমেটো কুচি দিয়ে ব্লেন্ড করে নিন। প্যানে তেল গরম করে অর্ধেক সাম্বার গুঁড়া ও পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে কাঁচামরিচ, আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিট নাড়ুন। এবার টমেটো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও বাকি সাম্বার গুঁড়া দিয়ে দিন। তেল ছাড়া পর্যন্ত মসলার মিশ্রণ নাড়তে থাকুন। সেদ্ধ করে রাখা চাল দিয়ে দিন। নামানোর আগে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন। রাইতা দিয়ে গরম গরম পরিবেশন করুন টমেটো রাইস।

/এনএ/