রান্না করা ভাত রয়ে গেছে? ঝটপট বানিয়ে ফেলুন রাইস কাটলেট। টমেটো সসের সঙ্গে মুচমুচে কাটলেট স্বাদে আনবে ভিন্নতা। জেনে নিন কীভাবে বানাবেন।
উপকরণ
রান্না করা ভাত- ১ কাপ
আলু- ১টি (সেদ্ধ)
গাজর- ২ টেবিল চামচ (কুচি)
মটরশুঁটি- ২ টেবিল চামচ
বরবটি- ৫টি (কুচি)
ক্যাপসিকাম- ২ টেবিল চামচ (কুচি)
কর্ন- ২ টেবিল চামচ
কাজু বাদাম- ২ টেবিল চামচ (কুচি)
আদা বাটা- আধা চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
গরম মসলা গুঁড়া- ১/৪ চা চামচ
লবণ- স্বাদ মতো
জিরার গুঁড়া- ১/৪ চা চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
লেবুর রস- ১ চা চামচ
ব্রেড ক্রাম্ব- আধা কাপ
তেল- ভাজার জন্য
ব্যাটার তৈরি উপকরণ
ময়দা- ১/৪ কাপ
কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
পানিতে সামান্য লবণ দিয়ে আলু সেদ্ধ করে নিন। রান্না ভাত ও আলু একসঙ্গে চটকে নিন ভালো করে। এবার তেল বাদে সবজি ও মসলাসহ বাকি সব উপকরণ একসঙ্গে মেখে নরম ডো বানিয়ে নিন। আধা কাপ ব্রেড ক্রাম্বও দিয়ে দেবেন মিশ্রণে। একটি বাটিতে ব্যাটার তৈরি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। আরেকটি বাটিতে আরও খানিকটা ব্রেড ক্রাম্ব নিন। এবার ডো থেকে সামান্য অংশ নিয়ে কাটলেটের আকৃতি করুন। প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। মাঝারি আঁচে ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলুন রাইস কাটলেট।