কোন রান্নায় কোন তেল ব্যবহার করবেন?

তেল শরীরের জন্য প্রয়োজনীয়। তবে দুই-এক চামচের বেশি তেল খেলে কিন্তু বিপদ। আবার তেল বেশি খাওয়ার পাশাপাশি কোন তেলে কী খেতে হবে সেটা না জানার কারণেও বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি। 

 

বেশিরভাগ রান্নাই করা হয় উচ্চতাপে। কাজেই এমন তেল ব্যবহার করতে হবে যার স্মোক পয়েন্ট বেশি৷ যাতে রান্নার সময় ভেঙে গিয়ে ক্যানসার ও অন্য অসুখ সৃষ্টিকারী ক্ষতিকর রাসায়নিক তৈরি করতে না পারে৷ রান্নায় ব্যবহার করতে পারেন সরিষার তেল, ক্যানোলা অয়েল কিংবা সানফ্লাওয়ার অয়েল। সয়াবিন, রাইস ব্র্যান, বাদাম ও তিলের তেল ব্যবহারও নিরাপদ।

অলিভ অয়েলের স্মোক পয়েন্ট বেশ কম। তাই এই তেল রান্নায় ব্যবহার না করে শাকসবজি-মাছ-মাংস স্টিম করতে ব্যবহার করতে পারেন। হালকা ভাঁপে সবজি সেদ্ধ করে অলিভ অয়েল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে পারেন।

রান্নায় বিভিন্ন ধরনের তেল একসঙ্গে মিলিয়ে ব্যবহার করতে পারেন। এতে খাবারের পুষ্টিগুণ বাড়বে। যেমন সরিষার তেলের সঙ্গে রাইস ব্র্যান ও সয়াবিন তেল মেশানো যেতে পারে।  

অ্যাভোকাডো অয়েল বা এই ধরনের ফ্লেভার্ড অয়েল কখনও রান্নায় ব্যবহার করবেন না। এগুলো সালাদ ড্রেসিংয়ে সরাসরি ব্যবহার করুন। পুষ্টিগুণ অটুট থাকবে।