মজাদার ও স্বাস্থ্যকর চিকেন কাটলেট বানিয়ে পরিবেশন করতে পারেন ইফতারে। মুরগির মাংসের কিমা ও আলু দিয়ে তৈরি হয় এই মচমচে কাটলেট। জেনে নিন রেসিপি।
প্যানে তিন টেবিল চামচ বাটার গলিয়ে ১/৪ কাপ পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, আধা চা চামচ গরম মসলার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া ও ১ চিমটি হলুদের গুঁড়া দিয়ে কষিয়ে নিন। দেড় কাপ চিকেন কিমা দিয়ে নেড়ে দিন। স্বাদ মতো লবণ, ১/৪ কাপ ক্যাপসিকাম কুচি, ২ টেবিল চামচ গাজর কুচি, ১/৪ কাপ বাঁধাকপি কুচি, ১/৪ কাপ পেঁয়াজের কলি, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ কুচি দিয়ে সেদ্ধ করে নিন সব। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
মাংসের পুর ঠান্ডা হলে দুটি সেদ্ধ আলু ভেঙে মিশিয়ে নিন। আলু যেন মিহি হয় সেদিকে লক্ষ রাখবেন। হাতে সামান্য তেল মেখে মিশ্রণটি অল্প অল্প করে নিয়ে টিকিয়া বা চপের আকৃতি করে ফ্রিজে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। একটি বাটিতে ডিম ফেটে রাখুন ও অন্য বাটিতে সেমাই ভেঙে রাখুন। এবার কাটলেটগুলো ডিমে গডুবিয়ে সেমাইয়ে গড়িয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে তুলুন। পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।
ছবি ও রেসিপি: কুকিং স্টুডিও বাই উম্মি