এঁটো থালাবাসন ধোয়ার কাজে রান্নাঘরের সিঙ্ক ব্যবহৃত হয়। ফলে এটি নিয়মিত পরিষ্কার করা জরুরি। নাহলে এর প্রান্তে কিংবা পাইপে জমে ময়লা। অপরিষ্কার সিঙ্ক থেকে ডায়রিয়া কিংবা ফুড পয়জনিংয়ের মতো অসুখ ছড়িয়ে পড়তে পারে। জেনে নিন সিঙ্ক সহজে পরিষ্কার ও জীবাণুমুক্ত করার কিছু টিপস।
- রাতের কাজ শেষ হলে বেকিং সোডা ও সামান্য পানি ছিটিয়ে নাইলনের ব্রাশ দিয়ে ব্রাশ করুন। শেষে টিস্যু পেপার সাদা ভিনেগারে ভিজিয়ে মুছে নিন।
- একটি নরম কাপড়ে সামান্য অলিভ অয়েল লাগিয়ে সিঙ্ক মুছুন। গরম পানি স্প্রে করে শুকনা কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন। ঝকঝকে হবে সিঙ্ক।
- ১/৪ কাপ লেবুর রসে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে সিঙ্কে ছিটিয়ে দিন। ১০ মিনিট পর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার এভাবে পরিষ্কার করুন সিঙ্ক।
- গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে সিঙ্কে ঢেলে দিন। পাইপে জমে থাকা ময়লা দূর হবে।
- ১/৪ কাপ লেবুর রস ও আধা কাপ বেকিং সোডা সিঙ্কে ঢেলে দিন। এরপর আধা কাপ ভিনেগার ঢালুন। ১০ মিনিট অপেক্ষা করে ফুটন্ত গরম পানি ঢেলে পরিষ্কার করে নিন।
- আধা কাপ লবণ ঢেলে দিন বেসিনের ড্রেনে। দুই লিটার পানি ফুটিয়ে গরম পানি ঢেলে দিন ঠিক আধা ঘণ্টা পর। ধীরে ধীরে ঢালবেন পানি। দুই লিটার পানি ঢালা হলে আরও খানিকটা গরম পানি ঢালুন যেন লবণ পুরোপুরি দূর হয়। লবণের সঙ্গে সঙ্গে দূর হবে জমে থাকা ময়লাও।
- সিঙ্ক পরিষ্কারের জন্য কখনও স্টিলের মাজুনি ব্যবহার করবেন না। এতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে।
- সিঙ্কের উপরিভাগে লোহার বা ইস্পাতের পাত্র দীর্ঘক্ষণ রাখবেন না। এতে মরিচা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।