ঈদ রেসিপি

বটি বিফ মাসালা

সময় নিয়ে মাংস ভেজে ভেজে করা হয় এই রান্নাটি। গরুর মাংসের পাশাপাশি খাসির মাংস দিয়েও রান্না করে ফেলা যায় মজাদার বটি মাসালা। এটি পরোটা, খিচুড়ি, পোলাও বা বিরিয়ানির সঙ্গে খেতে খুবই সুস্বাদু। রেসিপি জেনে নিন।

 

দেড় টেবিল চামচ রসুন কুচি গরম তেলে দিয়ে নাড়ুন। রসুন খানিকটা নরম হয়ে গেলে ১ কাপ পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে আসলে ১ কেজি গরুর মাংস দিয়ে দিন। মাংস দেওয়ার আগে ভালো করে পানি ঝরিয়ে নেবেন। জ্বাল বেশি দিয়ে দশ মিনিট নেড়েচেড়ে ভাজুন মাংস। ১ চা চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ রসুন বাটা, দেড় চা চামচ আদা বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে নাড়ুন। আঁচ কমিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিন প্যান। মাঝে ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দেবেন।

আধা কাপ টক দই, ২ চা চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া, ২ চা চামচ হলুদের গুঁড়া, দেড় চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ শাহী গরম মসলার গুঁড়া ও ১ চা চামচ পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে মিশিয়ে নিন। মাংসের সঙ্গে মিশ্রণটি মিশিয়ে দিন। বাটি ধুয়ে ২৫০ গ্রাম পানি দিয়ে দিন মাংসের প্যানে। কম আঁচে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ, পুদিনা পাতা ছিটিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন।