নতুন আঙ্গিকে ফিরে এসেছে দেশীদশ

বসুন্ধরা সিটির লেভেল ৭-এ বিশাল পরিসর জুড়ে বিস্তৃত ছিল দেশীয় দশ প্রতিষ্ঠানের উদ্যোগ ‘দেশীদশ।’ যেকোনো উৎসব উপলক্ষে তো বটেই, সারা বছরই ক্রেতারা কেনাকাটা করতে ভিড় জমাতেন এখানে। তবে গত প্রায় সাত মাস ধরে বসুন্ধরা সিটিতে দেশীদশকে খুঁজতে এসে হতাশ হয়েছেন অসংখ্য ক্রেতা। কারণ দেশীদশ আগের জায়গায় ছিল না। এবার নতুন রূপে বসুন্ধরা সিটির চতুর্থ তলায় ফিরে এলো প্রতিষ্ঠানটি।  

গত ৩১ জানুয়ারি দেশীদশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী হাশেম খান। তিনি বলেন, ‘দেশে তৈরি পোশাক দিয়েই আমাদের চাহিদার সবটুকু পূরণ করা সম্ভব।’

নতুন দেশীদশের জায়গা বেশ খানিকটা কমে গেছে। তবে উদ্যোগগুলো তাদের সর্বোচ্চটা ঢেলে দেওয়ার প্রচেষ্টা বজায় রেখেছে পুরোপুরি। 

উল্লেখ্য, ২০০৯ সাল হতে এক অনন্য ভাবনায় গঠিত হয়েছিল স্বনামধন্য ১০টি ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্রাফট, অঞ্জনস্, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি -এর সম্মিলিত উদ্যোগ দেশীদশ। বসুন্ধরা সিটি ছাড়াও দেশীদশ আউটলেট রয়েছে সিলেটের কুমারপাড়া ও চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আফমি প্লাজায়।