সামাজিক যোগাযোগ মাধ্যমে মা বন্দনা

মে মাসের  দ্বিতীয় রবিবার আজ, আজ বিশ্ব মা দিবস। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক আত্নার। তাই দিবসটি নিয়ে উচ্ছ্বাস ও আবেগেরও শেষ নেই সন্তানদের। মাকে না বলা কথা, মায়ের প্রতি আবেগ ও অনুভূতি যেমন প্রকাশ করছেন তারা নানা ধরনের উপহারে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও করছেন স্মৃতিচারণ। ফেসবুক যেন ভরে উঠেছে মায়ের ছবি ও ভালোবাসার সব গল্পে।

 

ঔপন্যাসিক সাদাত হোসেন মাকে নিয়ে লিখেছেন, ‘মায়েরা জাদু জানেন, একটু আঁচলের ঘ্রাণ, একটু কপালে স্পর্শ! সেই স্পর্শের ক্ষমতা দেখে হয়তো ওষুধ পথ্যরাও হতভম্ব হয়ে যায়। হয়তো তারাও ভাবে, ইজ শি অ্যা ম্যাজিশিয়ান?’ 

অভিনেত্রী রুনা খান তার ফেসবুক পোস্টে মাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মত স্বশিক্ষিত্ব মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক-রুচিবোধসম্পন্ন-উদার-অপূর্ব সুন্দর মানুষ আম্মা। সুস্থ থাকো। এমনই সুন্দর থাকো। ভালোবাসা।’ পোস্টের সঙ্গে বিভিন্ন সময়ের বেশ কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। 

সাংবাদিক মুন্নি সাহা মায়ের সঙ্গে নিজের ছবি শেয়ার করে লিখেছেন, আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা...মায়েদের জন্য ভালোবাসা।’ 

অভিনেত্রী শবনম ফারিয়া ও তার মা

আলোকচিত্রী সাহাদাত পারভেজ লিখেছেন, ‘আমার এই মায়ের কারণেই আমি জীবনে যা যা করতে চেয়েছি তার প্রায় সবই করতে পেরেছি। ঘরে ঘরে এমন মা থাকা দরকার। মা দিবসে আমার মা-সহ সব মায়ের প্রতি শ্রদ্ধা জানাই।’ 

অভিনেত্রী শবনম ফারিয়া মায়ের সঙ্গে ছবি শেয়ার করে সব মাকে জানিয়েছেন শুভেচ্ছা। 

মা না থাকার বেদনার কথাও অনেকে ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে। বিশেষ এই দিনে মা না থাকার কষ্ট ও হাহাকার ছুঁয়ে গেছে বাকিদেরও। 

অনেকেই বলেছেন মায়েদের জন্য বিশেষ একটি দিনের প্রয়োজন নেই, প্রতিটি দিনই মাকে ভালোবাসার দিন। তবে মায়ের প্রতি আবেগ-অনুভূতি ও অকৃত্রিম ভালোবাসা সবার সঙ্গে ভাগ করতেও কোনও দ্বিধা রাখেননি নেটিজেনরা।