টানা বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে নগরবাসী। একটানা বৃষ্টিতে নানা ধরনের বিড়ম্বনা বাড়ে। ঠিক মতো কাপড় না শুকানো, কাপড়ে ফাঙ্গাস পড়ে যাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়ায় আটা বা চালে পোকা হওয়ার পাশাপাশি মশা বেড়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয় বৃষ্টির এই সময়টায়। বর্ষাকালের এসব বিড়ম্বনা থেকে বাঁচতে কিছু টিপস জেনে নিন।
- স্যাঁতসেঁতে আবহাওয়ায় দেয়াল থেকে খসে পড়তে শুরু করে চুনকাম। আলমারিতে রাখা পোশাকে ফাঙ্গাস দেখা দেয়। ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করতে দরজা জানালা খোলা রাখবেন। আলমারিতে রাখা কাপড়ের ভাঁজে দিয়ে দিন ন্যাপথালিন। এছাড়া আলমারি বা ওয়ারড্রব দেয়াল ঘেঁষে রাখবেন না।
- গাছের টবে যেন পানি জমে না থাকে। বিশেষ করে ইনডোর প্ল্যান্টে প্রতিদিন পানি দেওয়ার দরকার নেই। গাছের টবে জমে থাকা পানিতে জন্ম হয় এডিসসহ বিভিন্ন জীবাণুবাহী মশার।
- রান্নাঘরের পোকামাকড় দূর করতে প্রতিদিন ভালো করে পরিষ্কার করুন ও সপ্তাহে একদিন কীটনাশক ব্যবহার করুন। ভেজা আবহাওয়ায় চাল বা বিভিন্ন শস্যের পোকা দূর করতে কয়েকটি শুকনা মরিচ, লবঙ্গ বা তেজপাতা ফেলে দিন বয়ামের ভেতরে।
- লেদারের আসবাবে যেন কোনভাবেই পানি না লাগে সেদিকে লক্ষ রাখা জরুরি।
- বর্ষাকালে পিঁপড়ার আনাগোনা বেড়ে যায়। পিঁপড়া দূর করার জন্য লেবুর রস, দারুচিনি গুঁড়া এবং পুদিনা পাতার গুঁড়া দিয়ে একটা মিশ্রন বানিয়ে ফেলুন। এটি পিঁপড়ার বাসার আশেপাশে ছড়িয়ে দিন। দূর হবে পিঁপড়া।
- দিনের পর দিন সূর্যের দেখা না মেলার কারণে ভেজা কাপড় সহজে শুকানো সম্ভব হয় না। এতে দুর্গন্ধময় ও স্যাঁতসেঁতে হয়ে পড়ে পোশাক। এই পরিস্থিতি সামলাতে কাপড় ধোয়ার পর খুব ভালো করে পানি ঝরিয়ে নিন। স্টিম আয়রন, হেয়ার ড্রায়ার কিংবা ওয়াশিং মেশিন ব্যবহার করে কাপড় শুকাতে পারেন।
- বর্ষাকালে কার্পেট ব্যবহার না করাই ভালো। সম্ভব হলে কার্পেট উঠিয়ে শতরঞ্জি বা ম্যাট ব্যবহার করুন।
- বৃষ্টির দিনে জর্জেটের পোশাক পরতে পারেন। এই ফেব্রিক খুব দ্রুত শুকিয়ে যায়। রাস্তায় পানি জমে থাকে বর্ষাকালে। এই সময় তাই হিলের বদলে চটি জুতা পরুন। সম্ভব হলে অফিসে এক সেট পোশাক বাড়তি রেখে দেবেন। হঠাৎ ভিজে গেলেও যেন বদলে নিতে পারেন পোশাক।
- বর্ষার স্যাঁতসেঁতে পরিবেশে খুশকির প্রকোপ বাড়ে। এছাড়া রোদ-বৃষ্টির কারণে বারবার ভিজে ও ঘেমে চুল আঠালো হয়ে যায়। ফলে এই সময় চুল পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। চুল ঝরঝরে রাখতে লেবুর রস লাগিয়ে রাখুন চুলে। ১০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন।
- বাইরে থেকে ফিরে নিউজপেপারে মুড়ে রাখুন জুতা। বাড়তি পানি শুষে নেবে এটি।