অনুষঙ্গ হিসেবে চামড়ার ব্যাগ ও জুতার রয়েছে আলাদা কদর। এগুলো ব্যক্তিত্ব প্রকাশেও রাখে ভূমিকা। তবে এই শৌখিন জিনিসগুলোর চাই সঠিক যত্ন। যত্নের অভাবে এগুলোর আয়ু কমতে থাকে। জেনে নিন চামড়ার জুতা, ব্যাগ ও বেল্টের যত্নে কী করবেন, কী করবেন না।
- প্রতিবার ব্যবহারের পর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন ব্যাগ ও জুতা। এতে অতিরিক্ত ময়লা জমতে পারবে না।
- ব্যাগ বা জুতায় খাবারের দাগ লাগলে সাদা চক চূর্ণ করে দাগের উপর ছিটিয়ে দিন। সারারাত রেখে পরদিন পরিষ্কার করে ফেলুন।
- চামড়ার জিনিস পরিষ্কার করার আলাদা ক্লিনার পাওয়া যায় বাজারে। এগুলোকে সফট সোপও বলে। এই ক্লিনার দিয়ে চামড়ার ব্যাগ বা জুতা পরিষ্কার করতে পারেন। ক্লিনারটি দিয়ে পরিষ্কার করার পরে হালকা ভিজা তুলা দিয়ে মুছতে থাকুন। বছরে দুই থেকে তিনবার এই ভাবে পরিষ্কার করুন।
- কখনই চামড়ার জিনিস অ্যালকোহল বা স্পিরিট জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবেন না। এতে রঙ নষ্ট হয়ে যায়।
- চামড়ার জুতায় কাদা লাগলে প্রথমে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে এরপর শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন। এরপর ভালোভাবে শুকিয়ে নিন।
- চামড়ার জুতা বেশিক্ষণ রোদে রাখবেন না। বাতাসেই শুকিয়ে নিন ভিজে গেলে।
- লেদার কন্ডিশনার দিয়ে ময়েশ্চারাইজ করতে পারেন চামড়ার অনুষঙ্গ। নরম প্যাড বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে এই কন্ডিশনার প্রয়োগ করুন।
- বৃষ্টির দিনে চামড়ার জুতা বা ব্যাগ নিয়ে বের না হলেই ভালো করবেন।
- চামড়ার জিনিস কখনও ভাঁজ করে রাখবেন না। ব্যাগ ফাঁকা থাকলে তার মধ্যে খবরের কাগজ বা বাবল র্যাপ ভরে রাখুন। এতে ব্যাগের আকার নষ্ট হবে না।