দৃকে চলছে প্রদর্শনী ‘বুক পেতেছি, গুলি কর’

দৃকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বুক পেতেছি, গুলি কর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আন্দোলনে আহত এবং গুলিবিদ্ধ শিক্ষার্থীরা।

এই আয়োজনে উপস্থিত ছিলেন আন্দোলনে নিহত জুলফিকার আহমেদ শাকিলের মা বিবি আয়েশা, সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপি, ফারহান ফাইয়াজের খালা ফারজানা মুনমুন, আন্দোলনকারী শিক্ষার্থী শাহিনুর সুমি এবং গুলিতে আহত শিক্ষার্থী সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ। 

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষক ও সাংবাদিক সায়দিয়া গুলরুখ।

‘বুক পেতেছি, গুলি কর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর জন্য দৃকেরসহ মোট ১১৫ জন আলোকচিত্রীর হাজারের অধিক কাজ জমা পড়ে। মূল আয়োজনে মোট ৪১ জন আলোকচিত্রীর জুলাই গণঅভ্যুত্থানের ১১৫টি আলোকচিত্র এবং ৯টি ভিডিও (স্ক্রিনগ্র্যাব) প্রদর্শিত হচ্ছে।