প্রয়াত হলেন ফ্যাশন দুনিয়ার সম্রাট

ফ্যাশন দুনিয়ার অনির্বাচিত সম্রাট জর্জিও আরমানি আর নেই। নিজ শহর মিলানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৪ সেপ্টেম্বর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ফ্যাশনের অনেক রকম রয়েছে। যার মধ্যে সবচেয়ে উন্নত ফ্যাশনের ধারক ছিলেন এই কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার। যার পোশাকের কাপড় থেকে শুরু করে নকশা, ফিটিং— সবই হতে হবে এক নম্বর বা বিশ্ব সেরা। আরমানিকে সেই হাই ফ্যাশনের ‘সম্রাট’ বলে মনে করতো ফ্যাশনজগৎ। তাকে বলা হতো ফ্যাশন কিং জর্জিও।

তার তৈরি করা পোশাক একটা সময়ে শুধুই সমাজের উঁচু স্তরে থাকা মানুষজন কিনে পরতে পারতেন। অথচ ইতালির এই পোশাকশিল্পী নিজে এসেছেন খুব সাধারণ পরিবার থেকে। কিছু বছর কাজ করেছেন সেনাবাহিনীতেও। তার পরে পদার্পণ করেন ফ্যাশনদুনিয়ায়। মিলানে একটি দোকানের কাচের জানলায় দাঁড় করানো ম্যানিকুইনকে পোশাক পরাতেন আরমানি। কে জানত সেই ছেলেটি একদিন ফ্যাশনে বিশ্বজয় করবেন। দখল করে নেবেন ফ্যাশনজগতের শীর্ষস্থানটি।

ফ্যাশনের ক্ষেত্রে প্যারিস যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্ব রয়েছে মিলানের। আরমানির উত্থান ইতালির সেই মিলান থেকেই।

এই বিরল প্রতিভার গুণেই সাধারণ পরিবার থেকে উঠে আসা এক পোশাকশিল্পী ক্রমশ ফ্যাশনদুনিয়ায় জনপ্রিয় হতে শুরু করেন। তৈরি করেন নিজের ফ্যাশন সংস্থা। সেই পোশাকের সংস্থা একটা সময়ে বছরে ২০০ কোটি পাউন্ডেরও বেশি লাভ করতে শুরু করে। আরমানি নিজে ৫০০ কোটি পাউন্ডের সম্পত্তির মালিক হন।

নিজের তৈরি করা পোশাকের ব্যাপারে তিনি শেষ দিন পর্যন্ত ছিলেন খুঁতখুঁতে। ২০২৪ সালেও নিজের সংস্থার আয়োজিত ফ্যাশনসপ্তাহে তাকে দেখা গিয়েছে মডেলদের পোশাক, তাদের চুলের সাজ ঠিক করে দিতে। হলিউডের অভিনেত্রীরা ছিলেন তার ভক্ত। প্রতি বছরই তারকা অভিনেত্রীদের সঙ্গে নিয়ে র‌্যাম্পে হাঁটতে দেখা যেত বৃদ্ধ আরমানিকে। অসুস্থতার পরোয়া করতেন না।

পারিবারিক সূত্র বলছে, চলতি বছরের শুরু থেকেই নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই শিল্পী। জুন মাস নাগাদ সেই অসুস্থতা আরও বাড়ে। চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত বার্ধক্যজনিত নানাবিধ অসুস্থতার কাছেই হার মানলেন শিল্পী। রেখে গেলেন তার বিশ্ববন্দিত কাজ।

আরমানির মৃত্যুতে তার সংস্থার পক্ষে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে শিল্পীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলা হয়েছে, ‘মিস্টার আরমানির শেষমুহূর্তে তার পাশে ছিলেন প্রিয়জনেরা। তিনি জীবনের শেষ কর্মঠ দিনটিও তার প্রিয় ফ্যাশনের কাজ করেই কাটিয়েছেন। তার চলে যাওয়ায় আমরা এক জন পথপ্রদর্শককে হারালাম।’

আরমানির সংস্থা জানিয়েছে, ৬ ও ৭ সেপ্টেম্বর আরমানির প্রিয় শহর মিলানেই তার শেষকৃত্যের অনুষ্ঠান হবে।

সূত্র: বিবিসি