বাসায় চিকেন সালামি বানানোর রেসিপি

চিকেন সালামি বাসায় তৈরি করা একদম সম্ভব ও সহজ। চিকেন সালামি প্রোটিনসমৃদ্ধ হলেও এতে সোডিয়াম ও ফ্যাটের পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। এখানে একটি সহজ হোমমেড চিকেন সালামি রেসিপি দেওয়া হলো-

যা যা লাগবে

মুরগির মাংস (হাড় ছাড়া)– ৫০০ গ্রাম

রসুন বাটা– ১ চা চামচ

আদা বাটা– ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া– ১ চা চামচ

লাল মরিচ গুঁড়া– ১ চা চামচ (বাচ্চারা খেলে না দেওয়া ভালো)

লবণ– পরিমাণমতো

সয় সস– ১ টেবিল চামচ

ভিনেগার বা লেবুর রস– ১ টেবিল চামচ

মাখন বা সাদা তেল– ১ টেবিল চামচ

বরফ ঠাণ্ডা পানি– ৩-৪ টেবিল চামচ

ফুড গ্রেড প্লাস্টিক র‍্যাপ

প্রস্তুত প্রণালী

মাংস ব্লেন্ড করুন। কিমা দিতে পারেন বা মুরগির মাংস ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে দিতে পারেন। এরপর রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ, সয়া সস, ভিনেগার/লেবুর রস, মাখন এবং বরফ ঠাণ্ডা পানি দিয়ে মসৃণ পেস্ট বানান। প্লাস্টিক র‍্যাপ বিছিয়ে তার উপর মাংসের মিশ্রণ দিন। রোলের মতো করে শক্ত করে পেঁচিয়ে নিন। পানি ফুটিয়ে সেই স্টিমারে ৩০ থেকে ৪০ মিনিট স্টিম করুন। স্টিম শেষে রোল ঠাণ্ডা করে ফ্রিজে ৫ থেকে ৬ ঘণ্টা বা রাতভর রেখে দিন। র‍্যাপ খুলে পাতলা করে স্লাইস করুন। এটি স্যান্ডউইচ, সালাদ বা টোস্টের সাথে খেতে দারুণ লাগে।

পরিবেশনের নিয়ম

চিকেন সালামির স্বাদ স্মোকি, সল্টি আর হালকা স্পাইসি যেকোনভাবেই হতে পারে। এটি মূলত ইউরোপিয়ান মাংস সংরক্ষণের বিভিন্ন প্রণালী থেকে এসেছে। তবে বাংলাদেশি বা দেশি খাবারের সাথেও এটি চমৎকারভাবে ফিউশন করা যায়। সেটা কিরকম। আপনি চাইলেই এটি গরম পরোটার মধ্যে দিয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ, সামান্য চাট মশলা দিয়ে রোল করে পরিবেশন করতে পারেন। কিংবা, খিচুড়ির সাথে সালামি ভেজে সাইড ডিশ হিসেবে পরিবেশন করা যেতে পারে। ভিন্নতা আনতে আপনি সালামি ভুনার ব্যবস্থাও করতে পারেন। সালামি টুকরো করে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা দিয়ে ভেজে মশলাদার ভুনা বানানো যায়। আপনার শিশুর সামনে অমলেট বা ডিম ভাজিতে কুচি করা সালামি মিশিয়ে দিলে দেখবেন আগ্রহ নিয়ে খাবে।