শহরের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কোথা থেকে ভেসে আসে ভাজা চিকেনের গন্ধ, কিংবা সদ্য বেক করা পিজার সুবাস। ক্ষুধা থাকুক বা না থাকুক- এক মুহূর্তেই থেমে যেতে চায় পা। মনে হয়, ঢুঁ মেরে দেখি! এই যে অদৃশ্য টান, একে কি শুধু ‘গন্ধ’ বলা যায়? নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক ধরনের মাদকতা।
হ্যাঁ, ফাস্টফুডের গন্ধে মাদকতা আছে। ফাস্টফুড (যেমন বার্গার, ফ্রাইড চিকেন, পিজা) বানানোর সময় এমনভাবে ফ্যাট, লবণ আর চিনি ব্যবহার করা হয় যাতে করে আমাদের মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’ খুব দ্রুত সক্রিয় হয়। এই গন্ধ নাকে প্রবেশ মাত্র মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের ‘ভালো লাগার’ রাসায়নিক নিঃসরণ হয়। যেটা অনেকটা আসক্তির মতো অনুভূতি তৈরি করতে পারে।
বিষয় হলো, ফাস্টফুড কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে এমন গন্ধ তৈরি করে (ফ্রাই করার তেল, মশলার মিশ্রণ ইত্যাদি) যা দূর থেকেও মানুষকে টেনে আনে। যেমন, গরম ফ্রেঞ্চ ফ্রাই বা গ্রিলড মাংসের গন্ধ আমাদের ক্ষুধা না থাকলেও খাওয়ার ইচ্ছা তৈরি করে।
ফাস্টফুডের গন্ধ আসলে নিছক দুর্ঘটনা নয়; এটি পরিকল্পিত। রান্নার প্রতিটি ধাপে—তেল গরম করা, মাংস গ্রিল করা, মশলার মিশ্রণ সবকিছু এমনভাবে সাজানো হয়, যাতে গন্ধটা হয় আকর্ষণীয়, তীব্র এবং মনে রাখার মতো। অনেক ক্ষেত্রে দোকানের ভেন্ট বা খোলা রান্নাঘরও এমনভাবে রাখা হয়, যাতে সেই গন্ধ বাইরে ছড়িয়ে পড়ে, পথচারীদের মন টানে।
তবু প্রশ্ন হলো- এই মাদকতা কি পুরোপুরি নিরীহ? বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত ফাস্টফুডের প্রতি আকর্ষণ স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। তাই গন্ধের টানে বারবার সাড়া দেওয়ার আগে সচেতন হওয়াও জরুরি।